২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরের বিবাদে 'তৃতীয় পক্ষের চক্রান্ত' দেখছেন রাঙ্গাঁ

রংপুরে এইচ এম এরশাদের আসনে প্রার্থিতা নিয়ে সাদ এরশাদ ও আসিফ শাহরিয়ারের সমর্থকদের দ্বন্দ্বে 'তৃতীয় পক্ষের চক্রান্ত' দেখছেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2019, 07:16 PM

Updated : 18 Aug 2022, 05:43 PM

মঙ্গলবার বিকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সাদ এরশাদের কুশপুতুল পোড়ানোর ঘটনায় দলের নেতাকর্মীরা কেউ জড়িত থাকলে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের মৃত্যুতে শূন্য রংপুর-৩ আসনে প্রার্থী হতে চাইছেন তার ছেলে সাদ। ওই আসনে প্রার্থী হতে ইচ্ছুক এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ারের সমর্থকরা সোমবার রাতে সাদের কুশপুতুল পোড়ায়। পরে সাদের সমর্থকরা আসিফের এক সমর্থককে পেটায়।

ওই আসনে এরশাদের ভাগ্নি মেহেজেবুন্নেছা রহমান টুম্পাসহ স্থানীয় কয়েকজন নেতা প্রার্থী হতে চান। এরমধ্যে একজন এরশাদের ছোট ছেলে এরিক এরশাদকে সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম কিনে সমালোচনায় পড়েছেন।

এরশাদের আসনে আলোচনায় ছেলে, ভাগ্নি, ভাতিজা

এরশাদের ছেলের কুশপুতুল পোড়ালো ভাতিজার সমর্থকরা  

রাঙ্গাঁ বলেন, “রংপুরে বিচ্ছিন্ন দু’একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যার সাথে জাতীয় পার্টির কেউ জড়িত নয়। একটি তৃতীয় পক্ষ যদি চক্রান্ত করতে চেষ্টা করে, তা সফল হবে না।”

Image
মসিউর রহমান রাঙ্গাঁ (ফাইল ছবি)

মসিউর রহমান রাঙ্গাঁ (ফাইল ছবি)

এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টিতে দ্বন্দ্বের মধ্যে তৃতীয় পক্ষ বলতে কাকে বোঝাচ্ছেন, তা স্পষ্ট করেননি রাঙ্গাঁ।

আসিফ এক সময় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ছিলেন। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ‘বিদ্রোহী প্রার্থী’ হলে এরশাদ তাকে দল থেকে বহিষ্কার করেছিলেন।

এরশাদের বড় ছেলে সাদ মঙ্গলবার ঢাকায় ফিরে প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

রংপুরের ঘটনা নিয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি সাংবাদিকদের বলেন, “সব দলেই দ্বন্দ্ব থাকে, এটা কোনো বিষয় না।”

দুই ভাতিজার দ্বন্দ্বে বিব্রত জি এম কাদের বলেন, “কে প্রার্থী হবেন. সেটা ঠিক করে দেবে পার্লামেন্টারি বোর্ড। সেখানে জনসমর্থন আছে, জয়ের সম্ভাবনা রয়েছে, বোর্ড তেমন প্রার্থীকেই মনোনয়ন দেবে।”

জাতীয় সংসদের আগামী অধিবেশনের আগেই বিরোধীদলীয় নেতা নির্ধারণ করা হবে বলে জানান কাদের।