ফেইসবুকে ছবি দিয়ে আন্দোলন হয় না: ফখরুল
সোশাল মিডিয়া ছেড়ে কর্মীদের রাজপথের আন্দোলনে নামতে বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, “শুধু ফেইসবুকে থাকলে আন্দোলন হবে না, একটা ছবি ফেইসবুকে দিলে আন্দোলন হবে না। আন্দোলনে মানুষকে সংগঠিত করে রাজপথে নেমে আসতে হবে।”
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে কাজী জাফর আহমদের স্মরণে সভায় একথা বলেন বিএনপি মহাসচিব।
দলের সংসদ সদস্য রুমিন ফারহানার প্লট পেতে আবেদনের খবর নিয়ে ফেইসবুকে বিএনপির নেতা-কর্মীদের সমালোচনা নিয়েও কথা বলেন তিনি।
ফখরুল বলেন, “ছোটখাটো বিষয় পাগলের মতো ওই ফেইসবুকে দেওয়ার কোনো যুক্তি নেই।”
রুমিনের পক্ষে দাঁড়িয়ে তিনি বলেন, “আপনাদের দেখতে হবে মূল লক্ষ্যে আমরা যাচ্ছি কি না? কেউ একটা ছোট ভুল করে ফেললে তাকে এখনই কবর দিয়ে দিতে হবে? নিশ্চয়ই না। দেখতে হবে সে এখন কী কাজ করছে?
“আমাদের চিন্তাভাবনার লোক যারা আছেন, তাদেরকে অনুরোধ করব, দয়া করে আপনারা ফেইসবুকে তার বিরুদ্ধে বা অন্য কারও বিরুদ্ধে এবং আমাদের লোক কারও বিরুদ্ধে কোনো কমেন্ট করবেন না, লিখবেন না।”
খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় সরকারের আন্দোলনে নেতা-কর্মীদের সক্রিয় হতে আহ্বান জানান বিএনপি মহাসচিব।
তিনি বলেন, “এখন গ্রামে গ্রামে বন্দরে বন্দরে মানুষের কাছে ছড়িয়ে যেতে হবে, মানুষকে জাগিয়ে তুলতে হবে। এর কোনো বিকল্প নেই। যে কথা আমি বার বার বলি, এই কাজটা হচ্ছে তরুণদের, এই কাজটা হচ্ছে যুবকদের।”
নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, “ঐক্যের কোনো বিকল্প নেই। যারা মনে করেন যে একা একাই পারব, তারা বোকার স্বর্গে বাস করছেন। গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে
“আমরা স্পষ্ট করে বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্রের মুক্তি এক। এটাকে আলাদা করে দেখার কোনো সুযোগ নাই। দেশনেত্রীর মুক্তি হলেই গণতন্ত্রের মুক্তি হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে।”
রুমিন ফারহানার প্রসঙ্গে ফখরুল আরও বলেন, “সে গণতন্ত্রের জন্য কাজ করছে, দেশনেত্রীর মুক্তির জন্য কাজ করছে- এটা হচ্ছে মূল কথা।
“রুমিন তো অন্যায় করেনি। হতে পারে এই সহজ জিনিসটা বুঝতে পারেনি।”
২০ দলীয় জোটভুক্ত দল জাতীয় পার্টির (কাজী জাফর) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী জাফরের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সভায় তার প্রতি শ্রদ্ধা জানান ফখরুল।
জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব এএসএম শামীমের পরিচালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন জাফরুল্লাহ চৌধুরী, মাহবুব উল্লাহ, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, বিএনপি নেতা নিতাই রায় চৌধুরী, মনিরুল হক চৌধুরী, জাগপার খন্দকার লুৎফর রহমান, জাতীয় পার্টির (কাজী জাফর) জাফরুল্লাহ খান লাহরী, নওয়াব আলী আব্বাস খান, মজিবুর রহমান, শফিউদ্দিন ভুঁইয়া, রুহুল আমিন, সেলিম মাস্টার, কাজী জাফর আহমদের মেয়ে কাজী জয়া কবির।
