একাত্তরে কারা ভারতে ‘আয়েশে’ ছিলেন, তালিকা চান ফারুক
মুক্তিযুদ্ধের সময়ে কলকাতায় থেকে যারা যুদ্ধের প্রশিক্ষণ নিয়েছেন তাদের পাশাপাশি যারা সেখানে আরাম-আয়েশে দিন কাটিয়েছেন, তাদের তালিকাও করার দাবি জানিয়েছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক।
দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের এই সদস্য বলেন, “ক্ষমতাসীনরা বলছে বিএনপি মুক্তিযুদ্ধের দল নয়। আমরা প্রশ্ন আওয়ামী লীগের নেতাদের কাছে, একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ে ক’জন ছিলেন কলকাতায়, ক’জন ছিলেন রণাঙ্গনে, ক’জন মুক্তিযুদ্ধের ট্রেনিং নিয়েছেন, ক’জন রেখা-শ্রীদেবীর ছবি দেখেছেন ভারতের বসে?
“মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন, রাজাকারের তালিকা তৈরি করা হবে। আমি অনুরোধ জানাব এই অবৈধ মন্ত্রীর কাছে, দয়া করে একাত্তরে কলকতায় বসে কারা সময় অতিক্রান্ত করেছেন, কারা সেখানে মুক্তিযুদ্ধের ট্রেনিং না নিয়ে আরাম-আয়েশে সময় কাটিয়েছেন তাদের একটা তালিকা তৈরি করুন।”
খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গ টেনে নবম সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ বলেন, “আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের দাবিদার আমি এটা বিশ্বাস করতে পারি না। যদি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হয়ে থাকে তাহলে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের ঘোষক, সাবেক সেনাবাহিনী প্রধান, সাবেক রাষ্ট্রপতি, যিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র এনে দিয়েছেন, যিনি বহির্বিশ্বে তলাবিহীন দেশকে ঝুড়িতে পরিণত করেছেন তার স্ত্রী কেন কারাগারে?”
বিএনপি ‘হতাশ’ দল নয় মন্তব্য করে তিনি বলেন, “এই সরকারকে বলতে চাই, আপনারা গণতান্ত্রিক সরকার নন, অবৈধভাবে ক্ষমতায় আর বেশি টিকে থাকতে পারবেন না। সময় খুব বেশি নাই। এখনও সময় আছে দয়া করে দেশনেত্রীর কোনো অঘটন ঘটার আগে তাকে মুক্তি দিন, তার চিকিৎসার ব্যবস্থা করুন।”
খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ নামক সংগঠনের উদ্যোগে এই মানবন্ধন হয়।
কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ছাত্রদলের আরিফা সুলতানা রুমা, জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া মো. আনোয়ার প্রমুখ বক্তব্য রাখেন।
