২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ ভবনে অধ্যাপক মোজাফফরের প্রথম জানাজা

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপের সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক মোজাফফর আহমদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2019, 11:48 AM

Updated : 10 Oct 2022, 09:19 PM

পুরনো খবর:

যুদ্ধকালীন সরকারের উপদেষ্টা মোজাফফর আহমদ আর নেই

শনিবার সকালে এই জানাজার পর রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রবাসী সরকারের উপদেষ্টা পরিষদের এই সদস্যের প্রতি।

সংসদ ভবন প্রাঙ্গণে জানাজার পর অধ্যাপক মোজাফফরের মরদেহ নেওয়া হয় ধানমণ্ডিতে ন্যাপের কার্যালয়ে। তারপর কফিন কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য।

শুক্রবার সন্ধ্যায় মারা যান মোজাফফর আহমদ। তার বয়স হয়েছিল ৯৭ বছর। মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের একমাত্র জীবিত সদস্য ছিলেন তিনি।

সংসদ ভবনে জানাজায় মন্ত্রী, সংসদ সদস্যদের পাশাপাশি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি (সিপিবি) মুজাহিদুল ইসলাম সেলিম, সংবিধান প্রণয়ন কমিটির সদস্য আমীর-উল ইসলামসহ রাজনৈতিক নেতারাও অংশ নেন।

জানাজার পর রাষ্ট্রপতি মো.আবদুল হামিদের পক্ষে তার সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল কাজী ইফতেখার-উল-আলম প্রয়াত মোজাফফর আহমদের মরদহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পৃথক ভাবে এই বাম নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় সভানেত্রী হিসাবে দলীয় নেতাদের দিয়ে ১৪ দলীয় জোট শরিক ন্যাপের সভাপতির কফিনে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এসময় তার সঙ্গে ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবীর নানক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এবং সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও এনামুল হক শামীম।