২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাসের দাম: তীব্র আন্দোলনের হুমকি বিএনপির

গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ হিসেবে বর্ণনা করে বিএনপি বলেছে সরকার ওই সিদ্ধান্ত থেকে সরে না এলে তারা রাজপথে আন্দোলন গড়ে তুলবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2019, 09:48 PM

Updated : 08 Apr 2022, 04:22 PM

সরকার রোববার বিকালে সব পর্যায়ে গ্যাসের দাম গড়ে ৩২.৮ শতাংশ বাড়ানোর ঘোষণা দেওয়ার পর রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এই হু্ঁশিয়ারি দেন।

তিনি বলেন, “শুধুমাত্র লুটপাটের জন্য ভোক্তা পর্যায়ে বেআইনিভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হল, যা সম্পূর্ণভাবে অযৌক্তিক ও মনুষ্যত্বহীন পদক্ষেপ।”

আওয়ামী লীগ সরকারের অধীনে গত ১০ বছরে ছয়বার গ্যাসের দাম বাড়ানোর বিষয়টি তুলে ধরে ফখরুল বলেন, “গ্যাসের এই মূল্য বৃদ্ধির মাশুল গুণতে হয় সাধারণ মানুষকে। দেশের মানুষের রক্তশোষণের যন্ত্রের পরিণত হয়েছে বর্তমান মধ্যরাতের নির্বাচনের সরকার।”

বিএনপির তরফ থেকে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানান দলের মহাসচিব। তিনি বলেন, “গণবিরোধী এ সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে। অন্যথায় জনগণকে সাথে নিয়ে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।”

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) যে ঘোষণা দিয়েছে, তাতে রান্নার গ্যাসের জন্য চুলাভিত্তিক গ্রাহকদের প্রতি মাসে ২৩ শতাংশ এবং মিটারভিত্তিক গ্রাহকদের ৩৮ শতাংশ বেশি অর্থ খরচ হবে। যানবাহনে জ্বালানি হিসেবে যারা সিএনজি ব্যবহার করেন, তাদের খরচ বাড়বে সাড়ে ৭ শতাংশ।

পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন, সার, শিল্প ও বাণিজ্যিক খাতে গ্যাসের দাম বাড়ানো হয়েছে ৩৫ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত। এর ফলে গণপরিবহনের ভাড়া বাড়বে, শিল্পোৎপাদনে খরচ বাড়বে। জুলাইয়ের প্রথম দিন থেকেই গ্যাসের নতুন দাম কার্যকর হবে।

মির্জা ফখরুল বলেন, “ভোক্তা পর্যায়ে গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো কারণ সৃষ্টি হয়নি। গ্যাসের মূল্য বৃদ্ধি করে সরকার জনগণকে বিশাল ভোগান্তির মধ্যে ফেলল। বিএনপি মনে করে, সরকারের রাঘব-বোয়ালদের আরও ভারী করতেই গ্যাসের এই মূল্য বাড়ানো হয়েছে।

জনগণের ভোটে ‘নির্বাচিত নয়’ বলেই সরকার প্রতিটি ক্ষেত্রে ‘গণবিরোধী সিদ্ধান্ত’ গ্রহণে বেপরোয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।