বিএনপিতে ‘মনোনয়ন বাণিজ্য’ প্রধানমন্ত্রীর কল্পিত: নজরুল
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিতে ‘মনোনয়ন বাণিজ্যের’ বিষয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করেছেন দলটির নেতা নজরুল ইসলাম।
আগের দিন সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একাদশ সংসদ নির্বাচন ঘিরে বিএনপির ‘মনোনয়ন বাণিজ্যের’ অর্থের সন্ধান করলেই সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা বৃদ্ধির হিসাব বেরিয়ে আসবে।
রোববার দুপুরে রাজধানীতে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, বিএনপিতে ‘মনোনয়ন বাণিজ্য’ প্রধানমন্ত্রীর কল্পিত।
নজরুল ইসলাম খান প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, “আপনি একেবারে সাধারণ জিনিস ভুলে যান, আর মানুষ তা বিশ্বাস করবে, সেটা আপনি মনে করেন। এই অর্থবছর শেষ হচ্ছে মাত্র আজ। নির্বাচন হয়েছে ডিসেম্বর মাসে।এই অর্থবছরের মধ্যে কত টাকা পাচার হয়েছে তার তো কোনো রিপোর্টই এখন পর্যন্ত করা হয় নাই।
“যে রিপোর্ট এখন পর্যন্ত হয়নি, অর্থবছর এখনো শেষ হয় নাই, সেই সময়ে যে নির্বাচন হয়েছে আপনার কল্পনায় সেখানে মনোনয়ন বাণিজ্য হয়েছে, আর সেই টাকা গেছে।”
গণমাধ্যমের বরাতে গত ১০ বছরে ৪০ হাজার কোটি টাকার বেশি বিদেশে পাচার হওয়ার তথ্য তুলে ধরে তিনি বলেন, “এই টাকা কারা পাঁচার করলো- আপনি সেটা নিয়ে তো খোঁজ নিচ্ছেন না। তাদের নাম কেন প্রকাশ হচ্ছে না।
“এতোবার দাবি করবার পরেও আপনারা সেটা প্রকাশ করছেন না কেন? আপনারা সব সময় যে ব্যবসায়ীদের নাম প্রকাশ করেন, তাদেরকে নিয়ে আপনি বিদেশ সফর করেন। তাহলে তাদেরকে উৎসাহিতই করা হচ্ছে।”
জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই মানববন্ধন হয়।
সদ্য পাস হওয়া বাজেট নিয়ে নজরুল বলেন, এ বাজেট ব্যবসাবান্ধব নয়, ব্যসায়ী বান্ধব। অর্থাৎ এই বাজেট দ্বারা ব্যবসা সম্প্রসারিত হয়ে কর্মসংস্থান করবে না, এই বাজেট যারা ব্যবসা করে তাদের মুনাফা বৃদ্ধির বাজেট যা কোনো কাজে আসবে না আমাদের জনগণের। কারণ এই টাকা বিদেশে পাচার হয়ে যায়।”
গত ১৩ জুন সংসদে ২০১৯-২০ অর্থবছরের জন্য সোয়া পাঁচ লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, যা বাংলাদেশের মোট জিডিপির ১৮ দশমিক ১ শতাংশের সমান। রোববার দুপুরে সংসদে এই বাজেট পাস হয়।
জিয়াউর রহমানের কবর সরানো নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হকের বক্তব্যের জবাবে তিনি বলেন, “জিয়াউর রহমানের কবর নিয়ে খেলবেন না। এদেশের সাধারণ মানুষ এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে।”
খালেদা জিয়ার মুক্তির আন্দেোলনে শ্রমিক দলের নেতা-কর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর পরিচালনায় মানববন্ধনে বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফর, শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান, শ্রমিক দলের আবুল কালাম আজাদ, মেহেদি আলী খান, কাজী নুরুল্লাহ বাহার, আবুল খা্য়ের খাজা, ফজলুল হক মোল্লা, বাবুল হোসেন, মোস্তাফিজুল করীম মজুমদার, জুলফিকার মতিন ও আমীর খসরু বক্তব্য দেন।
