২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাব্বানীর শর্তহীন আলোচনার ডাকে অনশনকারীদের ‘না’

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি থেকে বিতর্কিতদের বাদ দিতে অনশনকারীদের রাজু ভাস্কর্য ছেড়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2019, 08:44 PM

Updated : 18 Aug 2022, 05:27 PM

তিনি বলছেন, আন্দোলনকারীরা শর্তহীনভাবে আলোচনায় এসে তাদের অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ দিলে সেগুলো যাচাই-বাছাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তবে তার এই আহ্বান নাকচ করে অনশনে থাকা বিগত কমিটির কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক রাকিব হোসেন বলেছেন, এর আগে ছাত্রলীগ নেতাদের সঙ্গে আলোচনা করতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন তারা। তাই এবার আর কোনো আশ্বাসে রাজু ভাস্কর্য থেকে উঠবেন না তারা।

গত ১৩ মে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর থেকেই কমিটি ‘বিতর্কিতমুক্ত’ করার দাবিতে আন্দোলনে নামেন ছাত্রলীগের একাংশ। এদের মধ্যে কেউ পদবঞ্চিত আবার কেউ পদ পেয়েও সন্তুষ্ট নন। এই বিক্ষুব্ধ অংশটি গত ১৭ মে কমিটিতে পদ পাওয়া ৯৭ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

কমিটি থেকে ‘বিতর্কিত’দের বাদ দেওয়াসহ চার দফা দাবিতে গত ২৬ মে থেকে রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন করছিলেন বিক্ষুব্ধরা। এসব দাবি আদায়ে শুক্রবার দুপুর থেকে আমরণ অনশন করেন তারা।

একদিন অনশনের পর শনিবার বিকেলে গোলাম রাব্বানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনশন থেকে উঠে এসে বিক্ষুব্ধরা যদি আমাদের সাথে আলোচনা করতে চায়, আমরা বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যে কোনো সময় তাদের সাথে আলোচনা করতে প্রস্তুত। আলোচনার দরজা তাদের জন্য খোলা আছে। তবে আলোচনায় কোনো শর্ত থাকবে না।

তিনি বলেন, “ছাত্রলীগ আলোচনার জন্য প্রস্তুত আছে। তাহলে তারা আমরণ অনশনে কেন যাবে? আমরণ অনশনে মানুষ কখন যায় যখন আলোচনা করে কোন রেজাল্ট হয় না। তারা কোন যুক্তিতে এই ধরনের নাটক শুরু করছে?”

বিক্ষুব্ধরা এখনো তাদের কাছে পদপ্রাপ্ত কারও বিরুদ্ধে লিখিত অভিযোগ দেননি জানিয়ে গোলাম রাব্বানী বলেন, “তারা অভিযোগ দিলে আমরা বিষয়টি দেখব। ওরা যাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, আমাদের কাছে সেই অভিযোগ প্রমাণসহ দিলে সেটা আমরা দেখব। অভিযোগ প্রমাণিত হলে আমরা নামসহ প্রকাশ করব এবং পরে যোগ্যদের সেখানে পদায়ন করা হবে। কিন্তু এজন্য তাদের সেখান (রাজু ভাস্কর্য) থেকে উঠে আসতে হবে।”

তবে বিক্ষুব্ধরা অনশন চালিয়ে গেলে রাতে বা রোববার ছাত্রলীগের সভাপতিসহ এসে তাদের আলোচনায় বসার প্রস্তাব দেবেন বলেও জানান রাব্বানী।

ছাত্রলীগ সাধারণ সম্পাদকের এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে রাকিব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আমাদের চার দফা দাবি ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে জানিয়েছি এবং নানক ভাইয়ের কাছে আমরা বিতর্কিতদের লিস্টসহ দিয়েছি। সংগঠনকে বিতর্কিতমুক্ত করার সদিচ্ছা যদি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের থেকে থাকে তাহলে তারা তাদের থেকেই সেই তালিকা প্রমাণসহ নিত।”

ছাত্রলীগ সাধারণ সম্পাদকের প্রস্তাবে শর্তহীনভাবে অনশন থেকে ওঠে আলোচনায় যাবেন না জানিয়ে তিনি বলেন, “এর আগেও আমরা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের কাছে আলোচনা করতে এবং বিতর্কিতদের তালিকা প্রমাণসহ দিতে গিয়েছিলাম। কিন্তু সেখানে আমরা হামলার শিকার হয়েছিলাম।

“এজন্য এখন এই পরিস্থিতিতে আমরা আমাদের কর্মসূচি থেকে কোন আশ্বাসে উঠব না। আমাদের প্রাণের বিনিময়ে হলেও আমরা ছাত্রলীগকে কলঙ্কমুক্ত করব।”

অনশনকারীদের দাবিগুলো হল- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সুযোগ; শূন্য ঘোষিত ১৯টি পদ ছাড়াও যারা ‘বিতর্কিত’ রয়েছেন তাদের নাম পদবিসহ প্রকাশ, বিক্ষুব্ধদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে বিতর্কিতদের জায়গায় পদায়ন এবং বিক্ষুব্ধদের ওপর হামলার বিচার।

পুরনো খবর:

‘আমরণ অনশনে’ ছাত্রলীগের বিক্ষুব্ধরা