২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমরণ অনশনে’ ছাত্রলীগের বিক্ষুব্ধরা

বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় ‘আমরণ অনশন’ শুরুর ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থানরত ছাত্রলীগের বিক্ষুব্ধরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2019, 11:19 PM

Updated : 18 Aug 2022, 05:27 PM

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিক্ষুব্ধদের ১৯ জন নেতাকর্মী তাদের পূর্বঘোষিত চার দফা দাবি পূরণে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন।

ওই সময় সীমা পেরিয়ে যাওয়ার পর শুক্রবার দুপুর ২টা থেকে তারা অনশন শুরু করেন।

এই কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রলীগের বিগত কমিটির কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক রাকিব হোসেন সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরণ অনশন কর্মসূচিতে আমাদের প্রাণের মাধ্যমে যদি বাংলাদেশ ছাত্রলীগ কলঙ্কমুক্ত হয় তবে তাই হোক। আমরা চাই বাংলাদেশ ছাত্রলীগ কলঙ্কমুক্ত হোক।

“ভবিষ্যতে কেউ জানি বাংলাদেশ ছাত্রলীগকে কটাক্ষ করে বলতে পারে না যে, বাংলাদেশ ছাত্রলীগে মাদক ব্যবসায়ী, বিবাহিত বা গঠনতন্ত্র পরিপন্থি কেউ রয়েছে।”

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি থেকে ‘বিতর্কিত’দের বাদ দেওয়াসহ চার দফা দাবিতে গত ২৬ মে থেকে রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন করছিলেন বিক্ষুব্ধরা।

তাদের দাবিগুলো হল- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সুযোগ; শূন্য ঘোষিত ১৯টি পদ ছাড়াও যারা ‘বিতর্কিত’ রয়েছেন তাদের নাম পদবিসহ প্রকাশ, বিক্ষুব্ধদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে বিতর্কিতদের জায়গায় পদায়ন এবং বিক্ষুব্ধদের ওপর হামলার বিচার।