২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবারের মতো স্বস্তি আগে ছিল না: কাদের

এবার ঈদযাত্রা আগের যে কোনো সময়ের চেয়ে স্বস্তির ছিল বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2019, 05:23 PM

Updated : 18 Aug 2022, 05:22 PM

ঈদের দিন বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে  ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এই দাবি করেন তিনি।

কাদের বলেন, “আপনারা জানেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বস্তিদায়ক ঘরমুখো ঈদযাত্রা এর মধ্যে সম্পন্ন হয়েছে। এবারকার মতো এত স্বস্তিতে মানুষ কখনও ঘরে ফিরতে পারেনি।

“এবার একটা উৎসব-উদ্দীপনা নিয়ে শান্তিপূর্ণ পরিবেশ এবং নিরাপদে মানুষ ঘরে ফিরে গেছে।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের দলের নেতাদের সঙ্গে নিয়ে সকাল সাড়ে ১১টা থেকে কূটনীতিকসহ নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এরপর দুপুর সাড়ে ১২টা  দিকে রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

কাদের সাংবাদিকদের বলেন, “আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়া মধ্যেও অনেকে এসেছেন। সবাইকে আন্তরিকভাবে আমাদের দলের পক্ষ থেকে, আমার সহযোদ্ধাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।”

শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রযাত্রার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “বাংলাদেশকে আমরা একটা গ্রেটার ফিউচার উপহার দেব প্রধানমন্ত্রী শেখ  হাসিনার নেতৃত্বে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়ক ধরে আমরা এগিয়ে যাব।”

এজন্য সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাই। আমাদের দলকে আরও সুসংগঠিত ও আরও শক্তিশালী করে গড়ে তুলি।”

অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এবং উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।