মেয়র পদের মনোনয়নপত্র নিলেন আতিকুল
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদের উপ নির্বাচনের জন্য মনোনয়নপত্র নিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম।
তার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মিজানুর রহমান রোববার আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে (ইটিআই) গিয়ে উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্মসচিব মো. আবুল কাসেমের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, “প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করলাম আমরা। ২৯ জানুয়ারি বিকাল ৩টায় মনোনয়নপত্র জমা দেওয়া হবে, প্রার্থীর স্বয়ং উপস্থিত থাকবেন।”
মঙ্গলবার তফসিল ঘোষণার পর মেয়র পদে এই প্রথম কোনো প্রার্থী মনোনয়নপত্র নিলেন। এর আগে ২০১৮ সালে ঘোষিত তফসিলে মেয়র পদে ১৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
কিন্তু সীমানা জটিলতায় আদালতের আদেশে ওই তফসিল স্থগিত হয়ে গেলে নির্বাচন পিছিয়ে যায় এবং নির্বাচন কমিশন গত ২২ জানুয়ারি নতুন করে তফসিল ঘোষণা করে।
এ তফসিল অনুযায়ী, ঢাকা উত্তরের মেয়র পদের উপ নির্বাচন এবং উত্তর ও দক্ষিণের ৩৬টি সম্প্রসারিত ওয়ার্ডের সাধারণ এবং ১২টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন হবে ২৮ ফেব্রুয়ারি। তার আগে ৩০ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ উত্তরের মেয়র পদে পোশাক ব্যবসায়ী আতিকুল ইসলামকেই প্রার্থী করেছে। অন্যদিকে বিএনপি জানিয়েছে, তারা এ নির্বাচনে অংশ নেবে না।
জামানত
ভোটার সংখ্যা অনুপাতে মেয়র প্রার্থীদের জামানত নির্ধারণ করা হয় সিটি নির্বাচনে।
নির্বাচনী এলাকার ৫ লাখের বেশি ভোটার থাকলে ২০ হাজার টাকা, ১০ লাখের বেশি ভোটার হলে ৩০ হাজার টাকা, ১০-২০ লাখ ভোটারের জন্য ৫০ হাজার টাকা এবং ২০ লাখের বেশি ভোটার হলে ১ লাখ টাকা জামানত ধরা হয়।
ইসি কর্মকর্তারা জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোটার সংখ্যা যেহেতু ২০ লাখের বেশি, সেহেতু মেয়র প্রার্থী হতে জামানত হিসেবে ১ লাখ টাকা জমা দিতে হবে।
প্রার্থীদের ভোটার তালিকার সিডি কেনা বাধ্যতামূলক। প্রতি ওয়ার্ডের সিডির জন্য প্রার্থীদের গুণতে হবে ৫০০ টাকা করে।
ঢাকা উত্তরের ৫৪টি ওয়ার্ডের জন্য প্রার্থীদোর ২৭ হাজার টাকা খরচ হবে সিডি কেনা বাবদে। ঢাকা উত্তর ও দক্ষিণের সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডের জন্য কাউন্সিলর প্রার্থীদের সিডির দাম বাবদে দিতে হবে ৯ হাজার টাকা করে।
অন্যদিকে সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলরদের তিনটি ওয়ার্ডের সিডি কিনতে খরচ হবে ১৫০০ টাকা।
