ডিএনসিসি: মনোনয়নপত্র বিতরণ শুরু শনিবার
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে এবং দুই সিটির নতুন ৩৬টি সাধারণ ও ১২টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে শনিবার থেকে রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে।
৩০ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ২৮ ফেব্রুয়ারি এ নির্বাচনে ভোটগ্রহণ হবে।
আগে ঘোষিত তফসিলে (২০১৮ সালে ) মেয়র পদে ১৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও একজন মাত্র তা জমা দিয়েছিলেন। সাধারণ কাউন্সিলর পদে ৪১২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৮১ জন মনোনয়নপত্র নেন। আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর ঘোষণা এলেও তখন কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেনি সে সময়। মনোনয়নপত্র জমা শেষের দুদিন আগেই ভোট স্থগিত হয়ে যায়।
আইনি জটিলতা কটে যাওয়ার পর ২২ জানুয়ারি ঢাকা উত্তরের মেয়র পদের উপ-নির্বাচন, ৩৬টি সাধারণ ও ১২টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদের তফসিল ঘোষণা করা হয়।
এ নির্বাচনে উত্তরের রিটার্নিং কর্মকর্তা রয়েছে ইসির যুগ্মসচিব মো. আবুল কাসেম এবং ১২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন।
দক্ষিণে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিবউদ্দিন মণ্ডল রয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও সঙ্গে ৬ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন।
উত্তরের মেয়র পদের উপ নির্বাচনে ও উপজেলা নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বৃহস্পতিবার।
তফসিল ঘোষণার দিনই নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন, এ নির্বাচনে কে এল বা কে এল না, তা ইসির বিবেচ্য নয়।
উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তার অফিস হবে আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে (ইটিআই) এবং দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তার অফিস হবে মহানগর নাট্যমঞ্চে।
বৃহস্পতিবার জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র বিতরণ ও জমার সব ধরনের প্রস্তুতি রয়েছে। আগ্রহীরা তথ্যও নিতে পারেন। ইতোমধ্যে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন নতুন করে মনোনয়পত্র দাখিলের প্রয়োজন নেই।
“তবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের মনোনয়নপত্র পরিবর্তন করে নতুন করে মনোনয়নপত্র জমা অথবা কাগজপত্র দেওয়ার সুযোগ রয়েছে। আরও এক সপ্তাহ সময় রয়েছে। প্রধান দলগুলোর প্রার্থীগুলো শেষ দিকে এসে সংগ্রহ ও জমা দিয়ে থাকে। আমাদের অফিস সব সময় খোলা থাকবে,” বলেন রিটার্নিং কর্মকর্তা।
সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র নেওয়ার সঙ্গে ভোটার তালিকার সিডিসহ প্রয়োজনীয় সব কিছু সরবরাহ করা হবে। শনিবার থেকে পুরোদমে বিতরণ কাজ চলবে।
