ফাটল ধরাতে না পেরে ওবায়দুল কাদেরের জ্বালা: রিজভী
বিএনপি বিভক্ত না হওয়ায় ওবায়দুল কাদের ‘অন্তর্জ্বালায় আর্তচিৎকার করছেন’ বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে সকালে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই মন্তব্য করেন।
তিনি বলেন, “আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব গত পরশু বলেছেন, বিএনপি ভেঙে যাবে, গতকাল বলেছেন বিএনপির পরিণতি মুসলিম লীগের দিকে যাচ্ছে কিনা তিনি আশঙ্কা করছেন। বাহ! বাহ! বিএনপি নিয়ে এতো মাথা ব্যথা ওবায়দুল কাদের সাহেবের। এটা তো আমার কাছে খুব বিস্ময়কর মনে হচ্ছে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি সেটাই মনে হচ্ছে।
“আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, বিএনপির মধ্যে কোনো বিভেদ নেই। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ। এই ঐক্যে ফাটল ধরাতে পারেনি বলেই ওবায়দুল কাদের সাহেবের বুকে বড় জ্বালা। এজন্য বিএনপির ছিদ্র খুঁজতে তিনি আর্তচিৎকার করছেন। ওবায়দুল কাদের সাহেবকে মনে রাখার জন্য বলব যে, শকুনির দোয়ায় গরু মরে না।”
আওয়ামী লীগই ভেতরে ভেতরে ভাঙছে বলে পাল্টা দাবি করে তিনি বলেন, “আওয়ামী লীগ ভেতর থেকে ভেঙে চুমসে গেছে। সেখানে শুনছি নানা পন্থির লোক। কিছু পন্থির লোককে বাদ দিয়ে রাখা হয়েছে। কিছু পন্থির লোককে নাকী মন্ত্রিসভা নেওয়া হয়েছে। সিনিয়র-জুনিয়র এর নানা ধারা আমরা দেখতে পারছি। আওয়ামী লীগ বললে যাদেরকে বুঝায় তারা কেউ নেই মন্ত্রিসভায়। তাহলে ভেতরে ভেতরে গ্রাভিটেশনাল কলাপস হয়ে একটা ব্ল্যাক হোল তৈরি হয়, শূণ্য গহ্বর তৈরি হয়। আওয়ামী লীগের এরকম একটা শূণ্য গহ্বর তৈরি হয়েছে।
“যে কারণে তারা নেতাকর্মীদের নিয়ে সুষ্ঠু নির্বাচন করতে পারেনি, পুলিশের ওপর নির্ভরশীল হয়ে রাতের আঁধারে জাল ভোট দিয়ে ব্যালট বাক্স পূর্ণ করেছে। পুলিশী ক্ষমতা যখন থাকবে না, তখন তো আওয়ামী লীগের বাতি জ্বালানোরও লোকও খুঁজে পাওয়া যাবে না।”
কারাগারে ভেতরে ‘অনুপযোগী পরিবেশে আদালত বসিয়ে’ খালেদা জিয়ার প্রতি যে আচরণ সরকার করছে তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রিজভী অবিলম্বে তার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবি জানান।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, শওকত মাহমুদ, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, মোস্তাক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
