২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রার্থী করতে আশরাফের পরিবারের সদস্যরাও বিবেচনায়: কাদের

প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের আসনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তার পরিবারের সদস্যরাও বিবেচনায় থাকবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2019, 05:44 PM

Updated : 08 Apr 2022, 03:44 PM

তিনি বলেছেন, “আমাদের মনোনয়ন বোর্ডে দলের জ্যেষ্ঠ নেতারা আছেন। তারা যাচাই-বাছাই করবেন। যিনি ওই এলাকার মানুষের কাছে বেশি জনপ্রিয়, দল তাকেই মনোনয়ন দেবে।

“এখানে ফ্যামিলির প্রতি একটা সহানুভুতি আছে, ফ্যামিলিতে যদি গ্রহণযোগ্য প্রার্থী থাকে, অবশ্যই তিনি মনোনয়ন পাবেন।”

বুধবার ঢাকার বনানীতে বিআরটিএ কার্যালয়ে এক মতবিনিময় সভায় কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থিতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন কাদের।

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের মৃত্যুতে শূন্য কিশোরগঞ্জ-১ আসনে আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন করে নির্বাচন হচ্ছে। ওই নির্বাচনে নৌকার প্রার্থী হতে বুধবারই মনোনয়ন ফরম কিনেছেন আশরাফের ভাই সাবেক সেনা কর্মকর্তা সৈয়দ শাফায়াতুল ইসলাম।

বাংলাদেশের প্রথম সরকারের উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে আশরাফ টানা পাঁচবার ওই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। অসুস্থ অবস্থায় এবারও তিনি নির্বাচিত হন, তবে শপথ নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

২৮ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ-১ আসনের পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচনেও ভোটগ্রহণের দিন ঠিক করেছে নির্বাচন কমিশন।

এই দুটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী করা হবেন, তা ঠিক করতে আগামী ২৬ জানুয়ারি দলের সংসদীয় মনোনয়ন বোর্ড এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক হবে বলে জানান কাদের।

আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে উপনির্বাচনে এর আগে ব্যবসায়ী আতিকুল ইসলামকে প্রার্থী ঠিক করেছিল আওয়ামী লীগ।

তিনিই প্রার্থী থাকছেন কি না- জানতে চাইলে কাদের বলেন, “ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে আগের প্রার্থীই থাকবেন, না কি নতুন কাউকে মনোনয়ন দেওয়া হবে, তা বোর্ড ঠিক করবে।”