২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকসু নির্বাচনের দাবিতে মাঠে নেমেছে ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2019, 08:50 PM

Updated : 10 Oct 2022, 08:51 PM

ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠনটির নেতারা বলেছেন, বিশ্ববিদ্যালয়ের নীতি-নির্ধারণী পর্যায়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের অধিকারের কথা বলার জন্য তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ দিতে হবে।  

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আবাসন সংকট সমাধানে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে ছাত্রলীগের একজন নেতা বলেছেন, তারা আর ‘সিট দখলের রাজনীতি’ করতে চান না।

প্রতি বছর ডাকসু নির্বাচন হওয়ার কথা থাকলেও ১৯৯০ সালের পর আর এই নির্বাচন হয়নি। ডাকসু নির্বাচনের দাবিতে বামধারার ছাত্র সংগঠনগুলো দীর্ঘদিন ধরে কর্মসূচি পালন করে আসছিল। কিছু দিন ধরে ছাত্রলীগ নেতারাও এই নির্বাচনের কথা বলছিলেন।

অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের এই সমাবেশ থেকে শিক্ষার্থীদের নানা দাবি পূরণ না করায় প্রশাসনের সমালোচনাও করা হয়।

সমাবেশে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন বলেন, “ছাত্ররা ২৮ বছর ডাকসুর জন্য অপেক্ষা করেছে, আর ২৮ দিনও তারা অপেক্ষা করবে না। অবিলম্বেই ডাকসুর তফসিল ঘোষণা করতে হবে।”

'স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়’- এর জন্য বেশ কয়েকটি দাবি জানিয়ে মধুর ক্যান্টিন থেকে মিছিলের পর অপরাজেয় বাংলার পাদদেশে এসে এ সমাবেশ করে তারা।

ছাত্রলীগের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করার রূপরেখা প্রণয়ন, প্রশাসনিক-একাডেমিক-পরীক্ষা-ভর্তি সংক্রান্ত কাজ অটোমেশনের আওতায় নিয়ে আসা, সর্বাধুনিক কেন্দ্রীয় লাইব্রেরি নির্মাণের প্রকল্প গ্রহণ, ক্যাম্পাসে গণপরিবহন নিয়ন্ত্রণ ও রিকশা ভাড়া নির্ধারণ, গবেষণা খাতে সর্বোচ্চ বরাদ্দ প্রদান, সান্ধ্যকালীন কোর্স' নিয়ে বিচার বিশ্লেষণের জন্য 'শিক্ষা কমিশন' গঠনের মাধ্যমে প্রতিবেদন তৈরি ও বাস্তবায়ন, ক্যান্টিনে  খাবারের মান যথোপযুক্ত করা, অযৌক্তিকভাবে সব হল ও বিভাগের পরীক্ষার বর্ধিত ফি প্রত্যাহার, অনাবাসিক শিক্ষার্থীদের জন্য রুট বৃদ্ধি ও পর্যাপ্ত পরিবহনের মাধ্যমে যাতায়াত সমস্যার স্থায়ী সমাধান, প্রথম বর্ষের সব শিক্ষার্থীর জন্য কেন্দ্রীয়ভাবে বর্ণাঢ্য নবীনবরণ, আবাসন সংকট নিরসনের জন্য আপৎকালীন সমাধানের জন্য কার্যকরী উদ্যোগ গ্রহণ, ‘মুক্তিযুদ্বের জীবন্ত আর্কাইভ’ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ অধ্যয়ন ইনস্টিটিউট নির্মাণের প্রকল্প গ্রহণ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী স্মরণে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ এবং শেখ হাসিনা গবেষণা কেন্দ্র স্থাপন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন। 

বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাদ্দাম হোসাইন বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন বাণিজ্যিক কোর্স অবিলম্বে বন্ধ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

তিনি বলেন, “এই বিশ্ববিদ্যালয় টাকা গড়ার কোনো কারখানা নয়, এই বিশ্ববিদ্যালয় স্বল্পকালীন শিক্ষাদানের কোনো ট্রেনিং সেন্টার নয়। সান্ধ্যকালীন কোর্সের নামে শিক্ষকরা অন্যান্য কাজে ব্যস্ত থাকবেন আর শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে ভর্তি হয়ে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে এসে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হবে-এই বিষয়টি বাংলাদেশ ছাত্রলীগ কোনো অবস্থাতেই মেনে নেবে না।”

বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে অতিরিক্ত ফি এবং টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ারও সমালোচনা করেন সাদ্দাম। 

এই নির্বাচন নিয়ে ‘ছিনিমিনি খেলা সহ্য করা হবে না’ মন্তব্য করে ছাত্রলীগের এই নেতা বলেন, “আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে চাই অনতিবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। অনেক স্বপ্ন নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও বিশ্ববিদ্যালয় আমাদের সিটের নিশ্চয়তা দেয় না। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পুর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করতে হবে।

তিনি বলেন, “সাত হাজার নবীন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে এসেছে। কিন্তু বিশ্ববিদ্যালয় তাদের কোনো দায়িত্ব নেয়নি। প্রশাসনকে বলতে চাই, আবাসন সংকটের উপর ভিত্তি করে, সিট দখলকে কেন্দ্র করে ছাত্রলীগ রাজনীতি করতে চায় না। আমাদের রাজনীতি করতে গণরুমের দরকার নেই, হৃদয়ের ভালোবাসা দিয়ে আমরা রাজনীতি করতে চাই।”

সমাবেশে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিৎ চন্দ্র দাস বলেন, “আমরা চাই এই বিশ্ববিদ্যালয় হোক একটি গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়কে একটি হান্ড্রেড পারসেন্ট আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হবে।

“ছাত্ররা যাতে রাজনৈতিক চর্চা করতে পারে তাই প্রশাসনকে অবিলম্বে ডাকসু নির্বাচন দিতে অনুরোধ করছি। হাই কোর্ট যে রায় দিয়েছে তার প্রতি আমরা সাধারণ ছাত্ররা অবশ্যই শ্রদ্ধাশীল। আমরা সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য অবশ্যই ডাকসু নির্বাচন চাই।"

সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, “বাংলাদেশ দিন দিন নেতৃত্ব শূন্য হয়ে যাচ্ছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরি করা সম্ভব। দীর্ঘ ২৮ বছর পর হাই কোর্টের নির্দেশে ডাকসু নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে। আমরা সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন এ বিষয়ে আন্তরিক।”

তিনি বলেন, “এ বিষয়ে এখনো নেত্রীর সাথে কোনো কথা বলিনি। তার সাথে কথা বলে আমরা কীভাবে কী করব এবং অন্যান্য ছাত্র সংগঠনের সাথে আলোচনা করে রোডম্যাপ ঠিক করব।"

বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের খাবার মান নিয়ে হতাশা জানিয়ে ছাত্রলীগ সভাপতি বলেন, “ক্যান্টিনের খাবারের কোনো স্বাদ নাই, লবণ নাই! আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক দিন দেখা গেছে যে, আমি ভাত খাই নাই, আমি নুডলস খেয়ে থাকি, ক্যান্টিনের অন্যান্য জিনিস খেয়ে থাকি। ডাকসু নির্বাচন হলে আবাসন সংকট এবং খাবারের মান উন্নয়ন হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাহসিকতার কথা বোঝাতে গিয়ে শোভন বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রয়োজনে অস্ত্র ধরতে জানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রয়োজনে কলম ধরতে জানে।”

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, “আমরা অনতিবিলম্বে ডাকসু নির্বাচন চাই, যেন অতি দ্রুত তফসিল ঘোষণা করা হয়। কেননা, সাধারণ ছাত্রদের কথা কারা বলবে? আমরা চাই, শিক্ষার্থীদের ভালোবাসায় নির্বাচিত প্রতিনিধিরা সিন্ডিকেটে গিয়ে তাদের কথা বলুক।"

সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশে অন্যদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা ও হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ছিলেন