৭ জনও সংসদে ‘বিরাট ভূমিকা’ রাখতে পারে: কাদের
জাতীয় ঐক্যফ্রন্টের ভোটে বিজয়ীর সংখ্যা কম হলেও সংসদে তাদের ‘বড় ভূমিকা’ রাখার সুযোগ রয়েছে বলে মনে করেন নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, “সংসদে ৭ জনও একটি বিরাট ভূমিকা পালন করতে পারে। তাদের কণ্ঠস্বর দুর্বল নাও হতে পারে। সংখ্যায় কম হলেও, মাইক তো সবার জন্য সমান। কথা তো এক সময় একজনই বলে। কণ্ঠস্বর চড়াও হতে পারে, তবে কর্কশ না হলেই হল।”
একাদশ সংসদ নির্বাচনের তিন দিন পর বুধবার সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন সড়ক পরিবহনমন্ত্রী কাদের।
এই নির্বাচনে যারা জিতেছেন, সংসদ সদস্য হিসেবে বৃহস্পতিবার তাদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত হয়েছে।
তবে ‘ভোট ডাকাতির’ অভিযোগ করে পুনর্নির্বাচনের দাবি তোলা বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের সদস্যদের শপথ না নেওয়ার ইঙ্গিত মিলেছে তাদের নেতাদের কথায়।
বিএনপিকে সে পথে না হাঁটার পরামর্শ দিয়ে কাদের বলেন, “তাদের বিষয়টি পুনর্বিবেচনা করা উচিৎ। তাদের জনগণ নির্বাচিত করেছে, তারা শপথ নেবেন এবং জনগণের রায়কে সম্মান করবেন, এটাই আশা করি।”
ভোটে অনিয়মের অভিযোগ নিয়ে বিএনপির আইনের আশ্রয় এবং আন্দোলনের হুমকি নিয়েও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
“লিগ্যাল ব্যাটেল ফেইস করব, নন ভায়োলেন্ট মুভমেন্ট রাজনৈতিকভাবে মোকাবেলা করব, ভায়োলেন্ট মুভমেন্ট মোকাবেলা করেব আইন শৃঙ্খলা বাহিনী। সময়ই বলে দেবে কী করতে হবে।”
নতুন মন্ত্রিসভা কবে নাগাদ হতে পারে- জানতে চাইলে তিনি বলেন, “এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখতিয়ার, এটা একেবারেই তার নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার। এই জবাবটা আমি দিতে চাচ্ছি না।”
মন্ত্রিসভার সম্ভাব্য আকার নিয়ে প্রশ্নেও তিনি বলেন, “আমি এ মুহূর্তে বলতে পারছি না। বাড়তেও পারে। প্রথমে একেবারে বাড়বে, এটাও বলা যাচ্ছে না। এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার।”
কাদের কাদের নিয়ে সরকার হচ্ছে- সাংবাদিকদের প্রশ্নে কাদের বলেন, এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে ১০ জানুয়ারির আগেই হবে।
জাতীয় পার্টি সরকারে থাকছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “তাদের সিদ্ধান্ত জানার বিষয় আছে।”
বিরোধী দল কে হচ্ছে- প্রশ্ন করলে কাদের বলেন, “অপজিশন তো আছেই। অপজিশন গতবারও তো ছিল, তারাও তো আছেন। এবারের ঐক্যফ্রন্টের ৭ জন আছেন। দুই-তিন দিনের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে।”
নতুন সরকারে নির্বাচনী ওয়াদা পূরণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করে কাদের বলেন,“ইশতেহারের যে ঘোষনা জাতির সামনে ঘোষনা করা হয়েছে তা বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ। ডেলিভারির বিষয়টা চ্যালেঞ্জ, বিশাল বিজয়ের সাথে বিশাল চ্যালেঞ্জ জড়িয়ে থাকে।”
নোয়াখালীতে বিএনপির ‘দুর্গে’ জয়ের বিষয়ে কাদের বলেন, “দুর্গ বলে রাজনীতিতে কিছু নেই, দুর্গ ভেঙে যেতে পারে জনসমর্থনে যখন চিড় ধরে।
“রাজনীতি জোয়ার ভাটা আছে। সব সময় জোয়ার থাকে না, সেটা নির্ভর করবে আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের উপর। আমরা কি জোয়ারে থাকব, না ভাটাতে থাকব।”
নির্বাচনের পর নিজের জেলা নোয়াখালীতে এক নারীকে ধর্ষণের ঘটনা নিয়ে কাদের সাংবাদিকদের বলেন, “এ ঘটনার সঙ্গে যারাই জড়িত হোক, কেউ পার পাবে না।”
খুলনায় এক সাংবাদিককে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, “বিষয়টি এখনও জানি না, খোঁজ নেব।”
