ভোটে হারানো হলেও রাজনীতিতে জয়ী বিএনপি: নোমান
নির্বাচনে হারানো হলেও রাজনীতিতে বিএনপি জয় লাভ করেছে বলে দাবি করেছেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
সোমবার রাতে গণমাধ্যমে বিএনপি নেতাকর্মী ও ভোটারদের ধন্যবাদ জানিয়ে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “হামলা ও হুলিয়া মাথায় নিয়ে ভোটযুদ্ধে অংশগ্রহণ করায় বিএনপি নেতাকর্মী, ভোটার ও এলাকাবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
“৩০ ডিসেম্বর প্রহসনের নির্বাচনে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আমাকেসহ বিএনপি প্রার্থীদের হারানো হলেও মাঠের রাজনীতিতে বিএনপি জয়লাভ করেছে।”
এর কারণ ব্যাখ্যায় বর্ষীয়ান রাজনীতিবিদ নোমান বলেন, “দলীয় সরকারের অধীনে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের কোনো দৃষ্টান্ত নেই এটা জেনে-শুনে এবং নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে গ্রহণ করে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছি।
“এই নির্বাচনের মাধ্যমে আমারা আন্দোলনের প্রথম ধাপ অতিক্রম করেছি। আমাদের এই আন্দোলন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত চলতে থাকবে।”
নোমান বলেন, গণআন্দোলন কখনও ব্যর্থ হয় না তবে অনেক সময় দীর্ঘায়িত হয়। এই আন্দোলনে বিএনপি জয় লাভ করবে।
