২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরব ছাত্রদল

প্রতিবছর নানা আয়োজন থাকলেও এবার বিএনপি সমর্থক ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কোনো কর্মসূচি রাখেনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2019, 02:14 PM

Updated : 08 Apr 2022, 03:39 PM

ইংরেজি বছরের প্রথমদিন সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভবনের চতুর্থ তলায় তাদের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলতে দেখা গেছে।

১৯৭৯ সালের ১ জানুয়ারি রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠাতার কবরে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, প্রথম প্রহরে কেক কাটার অনুষ্ঠান, শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনে প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলেও নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞায় এবার এসব কিছুই হচ্ছে না।

ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনের পরে তিনদিন সভা-সমাবেশ-মিছিলে নিষেধাজ্ঞা রয়েছে। সেই কারণে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরবর্তিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি হবে।”

মঙ্গলবার সকাল ১০টায় নয়া পল্টনে বিএনপির দপ্তর ও কৃষকদলের কার্যালয় খোলা দেখা গেছে। বিএনপি কার্যালয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কৃষকদলের কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর দেখা মেলে।

এসময় প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদল নেতাদের কাছ থেকে শুভেচ্ছা না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেন শামসুজ্জামান দুদু

তিনি বলেন, “ছাত্রদল একটি গর্বের সংগঠন। আজকে তার প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে এসেছি। নতুন বছরের প্রত্যাশা ছিল সকালে অফিসে এসে ছাত্রদলের কোনো নেতার শুভেচ্ছা পাব। একটি টেলিফোনেও পাইনি। এটা বেদনার, দুঃখের।”

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর বিষয়ে জানতে চাইলে রুহুল কবির রিজভী বলেন, “ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কোনো কর্মসূচি আছে কিনা আমি জানিনা। গতবারও এই অফিসে রাত ১২টায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হয়েছিল।”

তবে সংগঠনের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে নেতাকর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।