২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাদের নিয়ে গণতন্ত্র রক্ষা করছেন: কামালকে মান্নান

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন কাদের সঙ্গে নিয়ে ‘গণতন্ত্র রক্ষার’ লড়াইয়ে নেমেছেন তা নিয়ে প্রশ্ন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুল মান্নান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2018, 08:18 PM

Updated : 19 Aug 2022, 03:04 PM

শনিবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ‘শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ: বর্তমান প্রেক্ষাপটে করণীয় ও বিজয় ভাবনা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ প্রশ্ন করেন তিনি।

অধ্যাপক মান্নান বলেন, “বাংলাদেশে প্যারালাল দুইটা সরকার ছিল- একটা প্রধানমন্ত্রীর সরকার, একটা হাওয়া ভবনের সরকার। আমার প্রশ্ন, তাদের সাথে নব্য কিছু গণতন্ত্র রক্ষাকারী ড. কামাল হোসেনের নেতৃত্বে যোগ দিয়েছেন। উইথ ডিউ রেসপেক্ট আপনি কাদের নিয়ে গণতন্ত্র রক্ষা করছেন? জামাতকে নিয়ে? বঙ্গবন্ধু হত্যার নীলনকশায় জড়িত জিয়াউর রহমানের সেই বিএনপিকে নিয়ে?”

কামাল হোসেন কিছু ‘পরিত্যক্ত আওয়ামী লীগারকে’ সাথে নিয়ে ‘যে কোনোভাবে’ শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে এই জোট বেঁধেছেন বলে মন্তব্য করেন তিনি।

Image
জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে কামাল হোসেন, ফাইল ছবি

জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে কামাল হোসেন, ফাইল ছবি

কামাল হোসেনের উদ্দেশে তিনি বলেন, “কাকে নিয়ে আপনি গণতন্ত্র রক্ষা করতে চান? আপনি তো বঙ্গবন্ধুর ছায়াতলে রাজনীতি শুরু করেছিলেন। বঙ্গবন্ধুর পরে এই শেখ হাসিনা আপনাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছিলেন। আপনাকে সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিয়েছিলেন, আপনি একজন ব্যবসায়ীর কাছে হেরে গেছেন। আপনি এখন এই বয়সে নেমেছেন কিছু পরিত্যক্ত আওয়ামী লীগারদের সাথে। একটাই উদ্দেশ্য, যে কোনোভাবে শেখ হাসিনাকে ফেলে দিতে হবে, আওয়ামী লীগকে আগামী নির্বাচনে পরাজিত করতে হবে।”

অধ্যাপক মান্নান বলেন, “আপনারা মিডিয়াতে দেখেছেন তারেক রহমান পাকিস্তানের আইএসআইয়ের সাথে যোগাযোগ করেছে। আপনি কি বাংলাদেশকে আবার পাকিস্তানে নিয়ে যেতে চান? আমি জানি না আপনার সাথে পাকিস্তানের একটা সম্পর্ক আছে, পারিবারিক সম্পর্ক, সেটাও আমার কাছে বিবেচ্য বিষয় না। কিন্তু যেই বাংলাদেশ পাকিস্তানের সাথে যুদ্ধ করে স্বাধীন হয়েছে সেই বাংলাদেশ কখনো পাকিস্তান হতে পারে না।

“আপনি অপছন্দ করতে পারেন শেখ হাসিনাকে, এটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনি কীভাবে এই বয়সে ষড়যন্ত্রের রাজনীতির মাধ্যমে নিজেকে সম্পর্কে নিয়োজিত করেছেন? একজন বিবেকবান মানুষ হলে আমাকে কথাগুলো বলতেই হবে।”

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আপনাকে ৩০ তারিখ নির্ধারণ করতে হবে, যারা ভোটাধিকার প্রয়োগ করবেন, আপনারা কি পূর্ণিমার আর্তনাদ শুনতে চান? আপনি কি বাংলাদেশকে আবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের হিসাবে এক নম্বর দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত হোক সেটা চান? আপনি কি বাংলাদেশের রিজার্ভ উপর থেকে নিচে ডিক্লাইন করতে থাকুক, সেটা চান? আপনি কি বাংলাদেশে ষড়যন্ত্রের রাজনীতি লালিত হবে সেটা চান? নাকি একটি সমৃদ্ধশালী বাংলাদেশ চান, যে বাংলাদেশের মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে আপনি গর্ব করবেন?”

দীর্ঘ পঞ্চাশ মিনিটের বক্তব্যে অধ্যাপক মান্নান বাংলাদেশের রাজনৈতিক অধ্যায়ের নানা দিক তুলে ধরেন। তার মতে, বাংলাদেশের ইতিহাসকে অতীত, বর্তমান ও ভবিষ্যতের আলোকে তিনভাগে ভাগ করা যায়। সাতচল্লিশ থেকে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত প্রথম অধ্যায়, ’৭১ থেকে বর্তমান সময় দ্বিতীয় অধ্যায় ও বর্তমান সময় থেকে ২০৫০ সালে ‘উন্নত বাংলাদেশ’ হওয়া পর্যন্ত তৃতীয় অধ্যায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা বক্তব্যে তুলে ধরেন এই অধ্যাপক।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সভাপতি এ কে এম হামিদের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একই প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান।