২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট চুরি করতে তারা ওস্তাদ: নারায়ণগঞ্জে ফখরুল

ভোটের দিন ক্ষমতাসীনদের ‘কারচুপি’ ঠেকাতে বিএনপি নেতাকর্মীদের কেন্দ্রে কেন্দ্রে ‘পাহারা’ বসানোর আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2018, 11:25 PM

Updated : 11 Oct 2022, 12:51 PM

পুরনো খবর:

খালেদার মুক্তির জন্য ভোট চাইলেন ফখরুল

তিনি বলেছেন, “ভোট চুরি করতে তারা ওস্তাদ। আগের রাতেই নাকি ব্যালট বাক্স ভরে রাখবে তারা। আগের রাত থেকেই পাহারা দিতে হবে কেন্দ্র।”

শুক্রবার নারায়ণগঞ্জের সোনাকান্দি পৌর স্টেডিয়াম মাঠে এক নির্বাচনী পথসভায় বিএনপি মহাসচিব ফখরুলের এমন বক্তব্য আসে। 

ছোট একটি ট্রাকের উপর মঞ্চ বানিয়ে করা এই পথসভা থেকে নারায়ণগঞ্জে-৫ আসনে জাতীয় ঐক্যজোটের প্রার্থী নাগরিক ঐক্যের এসএম আকরাম, নারায়ণগঞ্জ- ১ আসনে বিএনপির কাজী মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ- ২ আসনে নজরুল ইসলাম আজাদ এবং নারায়গঞ্জ-৪ আসনে মাওলানা মনির হোসেন কাশেমীকে পরিচয় করিয়ে দিয়ে তাদের জন্য ভোট চান বিএনপি মহাসচিব।

দুর্নীতি মামলার সাজা নিয়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য ভোট চেয়ে ফখরুল বলেন, “আপনার একটা ভোটে খালেদা জিয়া মুক্তি পাবেন। এটা মনে করে বাড়ির সবাইকে, পাড়া-প্রতিবেশী  সবাইকে নিয়ে ৩০ ডিসেম্বর সকালে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন।”

ক্ষমতাসীন আওয়ামী লীগ ও পুলিশ সারা দেশে ঐক্যফ্রন্টের প্রার্থীদের প্রচারে বাধা দিচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন,  ভোটের দিন কোনো তারা মানবেন না। ভোট দিয়ে গণনা পর্যন্ত অপেক্ষা করে ‘বিজয় নিয়ে’ তারপর ভোটকেন্দ্র ছাড়বেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘আমাদের হাতে মাত্র ছয় দিন। এই ছয় দিনে নারায়ণগঞ্জের বিপ্লবী মানুষকে সংগঠিত করুন।… মায়ের জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আজকে বুক সোজা করে দাঁড়ান। আমার দাবি, আমার হক আমি আদায় করে নেব।”

ফখরুল বলেন, “ভোট দেওয়াটা আমার হক, ভোট আমি দেব - এখানে কেউ কিছু করতে পারবে না। আজকে এখানে এসেছি আমরা অনেক বাধা-বিপত্তি পেরিয়ে। এই বাধা-বিপত্তি পেরিয়ে আমাদেরকে বিজয়ী করতে হবে। ৩০ ডিসেম্বর ধানের শীষের, এটা মনে রাখতে হবে।”

নারায়ণগঞ্জের নির্বাচনী সভায় যোগ দিতে বিকাল সাড়ে ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে রওনা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ডের কাছে বাধার মুখে পড়েন ফখরুলরা। 

Image
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা মাঠে শুক্রবার জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা মাঠে শুক্রবার জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ক্ষমতাসীন দলের স্থানীয় কর্মীরা রাস্তার ওপর একটি মাইক্রোবাস রেখে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। সেখানে তারা রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে নৌকা প্রতীকের স্লোগান দিতে থাকে।

২০ মিনিট পর পুলিশের সহায়তায় বিএনপি মহাসচিবের গাড়িবহরকে অন্য পথ দিয়ে বন্দর পৌর স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়। পরে মাইক্রোবাসটি সরানো হলে যান চলাচল শুরু হয়।

নির্বাচনী সভায় দেওয়া বক্তৃতায় প্রশাসন ও পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “সেনাবাহিনীর ভাইদেরকে, বিজিবি ভাইদেরকে, প্রশাসন ও পুলিশ বাহিনীর ভাইদেরকে বলতে চাই, আপনারা নির্বাচনের দায়িত্বে আছেন। আপনারা প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ যে আপনারা নিরপেক্ষভাবে কাজ করবেন। এটাই জাতি আশা করে, এটাই আশা করে আপনারা জনগণের স্বার্থে থাকবেন, জনগণের বিরুদ্ধে যাবেন না।”

ইসিকে ‘ঠুঁটো জগন্নাথ’ আখ্যায়িত করে বিএনপি মহাসচিব বলেন, ‘‘নির্বাচন কমিশনকে বলি- কোমর সোজা করে দাঁড়ান। সংবিধান ও রাষ্ট্র আপনাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আপনি পালন করুন। নিরপেক্ষভাবে এ দেশে যেন নির্বাচন হয়, জনগণ যাতে তাদের মতামত প্রকাশ করতে পারে তার ব্যবস্থা গ্রহণ করুন। অন্যথায় পদত্যাগ করুন, না পারলে চলে যান। এদেশের মানুষ কোনো অন্যায় মেনে নেবে না।”

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি এটিএম কামালের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপুর পরিচালনায় এই নির্বাচনী সভায় অন্যদের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তৈমুর আলম খন্দকার এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বক্তব্য দেন।