ভোটে বিচার বিভাগের ভূমিকা নিয়েও ফখরুলের প্রশ্ন
উচ্চ আদালতে বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বিচার বিভাগের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ অবস্থায় আদৌ সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না- সে বিষয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, “অবাক বিস্ময়ে লক্ষ্য করছি যে, নির্বাচন কমিশন, প্রশাসন এমনকি বিচার বিভাগ, তারা আজকে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করবার জন্য একজোট হয়েছে। এটা আমাদের কাছে শুধু বিস্ময়কর নয়, অত্যন্ত আতঙ্কের। এই কথাগুলো বলছি, অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি।”
বৃহস্পতিবার পর্যন্ত অন্তত আটটি আসনে বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র হাই কোর্টের আদেশে বাতিল হয়ে গেছে। সে সব আসনে নির্বাচন স্থগিত করে পুনঃতফসিল দেওয়ার জন্য ইতোমধ্যে নির্বাচন কমিশনে লিখিত আবেদন করেছে দলটি।
তার আগে তিন আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্রও নির্বাচন কমিশন বাতিল করে দিয়েছে দুর্নীতি মামলায় তার দুই বছরের বেশি দণ্ড হওয়ার কারণে।
মির্জা ফখরুল বলেন, “আমাদের কাছে মনে হয়েছে, একদম উদ্দেশ্যমূলকভাবে আমাদের প্রার্থীদের প্রার্থিতা বাতিল করছে। একটা উদাহরণ আমি দেখাতে চাই, সিলেট-২ আসনে। সেখানে আমাদের গুম হয়ে যাওয়া নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি পদত্যাগ করে প্রার্থী হয়েছেন।
“তিন বছর আগে কেন পদত্যাগ করেননি সেই অভিযোগে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হওয়া আওয়ামী লীগ নেতা এনামুল হক সরদার জৈন্তাপুর সরকারি ইমরান আহমেদ মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন। লুনার প্রার্থিতা বাতিল হয়েছে, কিন্তু এনামুল হক সরদারের প্রার্থিতা বাতিল হয়নি।”
ফখরুল বলেন, “লুনার প্রার্থিতা নির্বাচন কমিশন থেকে বাতিল হয়নি। কারণ আমাদের দেশে যে আইন আছে, সরকারি চাকরি না করলে ওই তিন বছরের বাধ্যবাধকতা নেই। স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে থেকে নির্বাচন করা সম্ভব, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনে আছে নির্বাচন চলাকালেও পদত্যাগ করতে হবে না, নির্বাচিত হলে তাকে পদত্যাগ করতে হবে।
“হাই কোর্ট যে আদেশ দিয়েছে এই আদেশটাকে আমরা কী বলব? এটাকে কি আইন সম্মত বলব না, বেআইনি বলব? এটা কি ইনোসেন্ট অর্ডার না উদ্দেশ্যপ্রণোদিত আদেশ বলব? আমরা বক্তব্য হচ্ছে- আজকে এই কাজগুলো কেন করা হচ্ছে?”
নির্বাচন কমিশন যাকে বৈধ ঘোষণা করেছে, নির্বাচন চলাকালীন সময়ে তার প্রার্থিতা বাতিল করার এখতিয়ার হাই কোর্টের আছে কি না- সেই প্রশ্ন তোলেন ফখরুল।
“আইনটা হচ্ছে, নির্বাচন কমিশন যখন ফাইনালি বলে দিল সে বৈধ, তারপর সে প্রতীক নিয়ে চলে গেল। তারপরে ট্রাইব্যুনালে যাওয়ার বিধান আছে- সেটা নির্বাচনের পরে, আগে নয়।”
ফখরুল বলেন, “প্রত্যেকটা জায়গায় হস্তক্ষেপ করা হয়েছে। শুধু হস্তক্ষেপ নয়, আমার দলের প্রার্থী কাকে প্রতীক দেব, সেকথা হাই কোর্ট থেকে বলে দেওয়া হচ্ছে।… তাহলে আমি কী করে বুঝব, হাই কোর্ট থেকে আমি ন্যায়বিচার বা সুবিচার পাচ্ছি। আমি কী করে বলব, হাই কোর্ট তার আইনের প্রয়োগ করছেন? আমি বুঝতে পারছি না, মানুষ বুঝতে পারছে না।”
এভাবে নির্বাচনকে একটি ‘তামাশায়’ পরিণত করা হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, “আজকে সকলের কাছে প্রশ্ন দেখা দিয়েছে, এই নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবার মত অবস্থা আছে কিনা।”
এভাবে বিচার বিভাগের ওপর মানুষের আস্থা ‘প্রশ্নবিদ্ধ হচ্ছে’ মন্তব্য করে বিএনপির প্রর্থিতা বাতিল হওয়া আসনগুলোর নির্বাচন স্থগিত করে পুনঃতফশিল দেওয়ার দাবি জানান ফখরুল।
তিনি বলেন, তফসিল ঘোষণার পর বিএনপি প্রার্থী ও নেতা-কর্মীরা নির্বিঘ্নে প্রচারে নামতে পারবেন, তাদের ‘গ্রেপ্তার-হয়রানি’ বন্ধ করা হবে বলে তারা আশা করেছিলেন। কিন্তু বাস্তবে তা হচ্ছে না।
“আজকের পত্রিকাতেও আছে- ‘বিএনপি করনার্ড’। একেবারে অবিশ্বাস্য একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যে পরিস্থিতিতে কোনো মতেই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এটা হবার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।”
সরকার ও নির্বাচন কমিশনের উদ্দেশে ফখরুল বলেন, “আমরা এখনো আশা করছি যে, তারা শেষ মুহূর্তে হলেও সংবিৎ ফিরে পাবে, সরকার তার সংবিৎ ফিরে পাবে এবং এই নির্বাচন অনুষ্ঠানের সাথে জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনা বাহিনী, যারা ২৪ তারিখ নামবে বলা হয়েছে, সকলের মধ্যে দেশপ্রেম-দায়িত্ববোধ কর্তব্যবোধ ও তাদের চার্টারে যা বলা আছে সেভাবে তারা দায়িত্ব পালন করবে।”
‘প্রতিপক্ষ পুলিশ’
ভোটের আগে বিএনপির প্রার্থীদের মিটিং ভেঙে দেওয়া, ‘ভুয়া’ মামলায় গ্রেপ্তার করা, জেল গেইট থেকে গ্রেপ্তার করা- এসব নৈমত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনে পুলিশই বিএনপির ‘প্রতিপক্ষ’ হয়ে দাঁড়িয়েছে।
“এখন নতুন ঘটনা করছে তারা। আওয়ামী লীগ-যুব লীগের সন্ত্রাসীরা নিজেরা নিজেদের অফিস ভাঙচুর করছে, একটা পরিত্যক্ত ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিচ্ছে। এসব ঘটনা ঘটিয়ে আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিচ্ছে।
“এর সঙ্গে নিম্ন আদালতগুলো কলাবোরেট করছে। এখন আমাদের ১৫ জন প্রার্থী কারাগারে। তাদের মধ্যে কালকে একজন কোনো রকমে আইনজীবীদের সহায়তা নিয়ে বেরিয়ে এসেছেন।”
বিএনপির প্রার্থীদের মধ্যে কারা কারাগারে আছেন, সেই তালিকাও ফখরুল সংবাদ সম্মেলনে তুলে ধরেন।
তিনি বলেন, “২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে ১৫৩ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছিলে। এবার সেটা পারিনি। এখন ভিন্ন কৌশলে বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করে আজকে তারা (সরকার) একতরফা নির্বাচন করার পাঁয়তারা করছে।”
প্রধানমন্ত্রীর অভিযোগের জবাব
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অভিযোগের সূত্র ধরে মির্জা ফখরুল বলেন, “প্রধানমন্ত্রী বলছেন বিএনপি-জামায়াত ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে। কিন্তু আসলে আপনারা ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছেন, আওয়ামী লীগ ও নির্বাচন কমিশন ছাপানো শুরু করে দিয়েছে। যেটা আমরা শুনতে পাচ্ছি , ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করে রাখা হবে। এটা পরিকল্পনা। অথেনটিক সোর্সের মাধ্যমে আমরা জানতে পারছি।”
আর এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কয়েকটি ‘জোন’ তৈরি করে পুলিশ কর্মকর্তাদের ‘দায়িত্ব দেওয়া হয়েছে’ বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
“আমরা বলতে চাই, এই ছকে কোনো লাভ হবে না। মানুষের জাগরণ ঘটেছে, এ সমস্ত ছক ভেঙে চুরমার করে দেবে। আমি বুঝতে পারছি না, সরকারের এত যে উন্নয়নের গান, এত যে ‘থ্যাংকইউ প্রাইম মিনিস্টার’, তারপরও এসব করতে হচ্ছে কেন? একটা সুষ্ঠু নির্বাচন দিলে উন্নয়নের কাজ হলে মানুষ এমনিই ভোট দেবে।”
মির্জা ফখরুল বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপির টাকা নিয়ে নৌকায় ভোট দিন। তিনি কী করে এটা বলতে পারেন? এটা প্রধানমন্ত্রীর অনৈতিক কথা। এর আগে উনি বলেছেন ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে। তিনি গুজব ছড়াচ্ছেন। গুজব ছড়ানো, অনৈতিক পরামর্শ দেওয়া অপরাধ। নির্বাচন কমিশনের উচিত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমি দাবি করব, নির্বাচন কমিশন এগুলোর ব্যাপারে ব্যবস্থা নেবে।”
নির্বাচন বানচাল করার চেষ্টায় ‘পুলিশ অফিসারদের হত্যা’ করার ষড়যন্ত্র হচ্ছে লন্ডনে বসে- শেখ হাসিনার এমন মন্তব্যকে ‘মারাত্মক ভয়াবহ মিথ্যা’ হিসেবে বর্ণনা করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, “এটার বিরুদ্ধে অবশ্যই নির্বাচন কমিশনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিএনপি নাকি মুজিব কোট বানাচ্ছে। এখন উনারা পুলিশের ড্রেস বানাচ্ছেন, আমরা শুনেছি পত্র-পত্রিকায় এসেছে। সেটাকে কাউন্টার করার জন্য উনি বললেন কিনা আমি জানি না।”
নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসাররা বিএনপির প্রার্থীদের কোনো অভিযোগেই আমলে নিচ্ছে না অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, “আমরা নির্বাচন করতে চাই বলেই নির্বাচনে এসেছি। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে বলছি- আপনারা আপনাদের দায়িত্বটা নির্ভয়ে পালন করুন। এই রাষ্ট্র ও সংবিধান আপনাদেরকে যে অধিকার দিয়েছে সেই অধিকার প্রয়োগ করুন।
‘‘আমরা উচ্চ আদালতের কাছে আপিল করছি, দয়া করে আপনারা ন্যায়বিচার করুন। গণতন্ত্রকে রক্ষা করবার জন্য একটি রাজনৈতিক দলের প্রার্থীদেরকে আমরা মনে করি বেআইনিভাবে বাতিল করা সঠিক হবে না।”
সেনাবাহিনীর উদ্দেশে ফখরুল বলেন, “সেনাবাহিনীকে দেশের জনগণ শ্রদ্ধার চোখে দেখেন। তারা মনে করেন, দেশের যে কোনো সঙ্কটময় মুহূর্তে দায়িত্ব পালন করে সেনাবাহিনী, আজকে যখন নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে, তা তারা নিরপেক্ষভাবে পালন করবেন। জনগণের আশা-আকাঙ্ক্ষা যে গণতন্ত্র, তাকে তারা রক্ষা করবেন।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, “যখন আমরা শুনি যে প্রধান নির্বাচন কমিশনার বলছেন দেশে নির্বাচনের সুবাতাস বইছে। তখন তো ক্ষোভে দুঃখে আমাদের খুব কষ্ট হয়।
“কেউ রসিকতা করলে মানুষ হাসে। এটাকে আপনারা রসিকতা হিসেবে নিতে পারেন যে সিইসি আমাদের দেশের সাধারণ মানুষের সাথে এক ধরনের রসিকতা করছেন। কারণ এই সুবাতাস তার অফিস ও আওয়ামী লীগের কার্যালয়ে হতে পারে, সারা দেশে নির্বাচনের সুবাতাস বইছে না।”
বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেন তার নির্বাচনী এলাকায় ক্ষমতাসীন দল ও পুলিশের ভূমিকার সমালোচনা করেন।
তার নির্বাচনী প্রচারের গাড়িবহরে হামলা চালিয়ে উল্টো বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
মির্জা ফখরুল জানান, সারাদেশে নির্বাচন সামনে রেখে বিএনপি সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিরুদ্ধে একটি সেল গঠন করেছে।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, বাংলাদেশ মাইনোরিটি পার্টির সুকৃতি কুমার মণ্ডল উপস্থিত ছিলেন।
