আ. লীগের আবু সাইয়িদ ঐক্যফ্রন্টে
ভোটের লড়াইয়ে নামতে আওয়ামী লীগের সাবেক নেতা আবু সাইয়িদ যোগ দিয়েছেন কামাল হোসেন নেতৃত্বাধীন গণফোরামে।
সোমবার দুপুরে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টুর সঙ্গে সাক্ষাৎ করে তিনি গণফোরাম ও ঐক্যফ্রন্টে যোগ দেন।
মন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি কিছুক্ষণ আগেই গণফোরামে যোগ দিয়েছেন। একাদশ সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসন থেকে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হতে পারেন।”
ঐক্যফ্রন্টের মনোনয়ন নিয়ে আবু সাইয়িদ ইতোমধ্যে নির্বাচনী এলাকার উদ্দেশে রওনা হয়েছেন বলেও জানান মন্টু।
সেক্ষেত্রে আসন্ন নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে লড়তে দেখা যাবে আওয়ামী লীগের এই সাবেক নেতাকে। তার নতুন দল গণফোরামসহ জোটের শরিকরা এবার ওই প্রতীকেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে।
আবু সাইয়িদের গণফোরামে যোগদানের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “ড. কামাল হোসেনই যেখানে আওয়ামী লীগ থেকে চলে গেছেন, কাদের সিদ্দিকী আওয়ামী লীগে নেই, সুলতান মনসুর নেই, সাংগঠনিক সম্পাদক মান্না নেই। তাদের তুলনায় এরা কি ইম্পর্টেন্ট লোক? সেখানে আবু সাইয়িদ তো কিছুই না।
“এসব নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। এসব নিয়ে বাংলাদেশের জনগণের কাছে আমাদের জনপ্রিয়তা বেড়েছে বই কমেনি। দিনে দিনে আমাদের জনপ্রিয়তা বেড়েছে। এটাই আমারে বড় অ্যাসেট।”
১৯৯৬ সাল থেকে পাঁচ বছর আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ছিলেন আবু সাইয়িদ। ওয়ান-ইলেভেনের পর দলে সংস্কারপন্থী হিসেবে পরিচিতি পাওয়ায় নেতৃত্ব থেকে ছিটকে পড়েন আওয়ামী লীগের তখনকার তথ্য ও গবেষণা সম্পাদক।
২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে আবু সাইয়িদ স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। কিন্তু নৌকার প্রার্থী শামসুল হক টুকুর কাছে হেরে যান তিনি।
১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়ে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য হয়েছিলেন অধ্যাপক সাইয়িদ।
এর আগে আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া, একুশে টেলিভিশনের সাবেক মালিক আবদুস সালাম এবং সেনা ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ১০ কর্মকর্তা কামাল হোসেনের দল গণফোরামে যোগ দেন।
