নিজে না পারলে ছেলেকে নৌকায় তুলতে চান হাজি সেলিম
একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছেন সংসদ সদস্য হাজি সেলিম।
অসুস্থতার কারণে রাজনীতিতে অনেকটাই নিষ্ক্রিয় এই আওয়ামী লীগ নেতা নিজের পাশাপাশি ছেলেকে দিয়েও মনোনয়ন ফরম কিনিয়েছেন।
ঢাকা-৭ আসনে গত নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার প্রার্থী ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনকে হারিয়ে সংসদ সদস্য হয়েছিলেন হাজি সেলিম।
বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল এবারও আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।
এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে আগে জয়ী হওয়া হাজি সেলিম ও তার ছেলে সোলায়মান সেলিমের মনোনয়ন ফরম সংগ্রহের খবর নিশ্চিত করেছেন ঢাকা বিভাগে আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির বুথের দায়িত্বে থাকা ছাত্রলীগের সাবেক নেতা শামসুল কবির রাহাত।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আকতার হোসেন, ২৬ নম্বর ওয়ার্ডের কমিশনার হাসিবুর রহমান মানিক ও তরুণ নেতা মাহমুদুল হক জেমসও আসনটিতে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
হাজি সেলিম (ফাইল ছবি)
তবে গত দুই বছর থেকে রোগাক্রান্ত হাজি সেলিম বাকশক্তি হারিয়ে এখন রাজনীতির মাঠে অনেকটাই নিষ্ক্রিয়।
পুরান ঢাকার এই ব্যবসায়ীর ঘনিষ্ঠরা জানিয়েছেন, অসুস্থতার কারণে নিজে মনোনয়ন না পেলে ছেলের জন্য সমর্থন চাইছেন হাজি সেলিম।
সোলায়মান সেলিম আওয়ামী লীগের কোনো পদে নেই; মনোনয়ন ফরম বিক্রির ছকে তার পরিচয় লেখা হয়েছে আওয়ামী লীগের কর্মী।
