২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি অন্দোলনে পরাজিত, সংলাপেও: মেনন

বিএনপি রাজপথে আন্দোলনের পাশাপাশি ঐক্যফ্রন্টের সঙ্গে মিলে সংলাপে অংশ নিয়েও পরাজিত হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2018, 04:35 PM

Updated : 19 Aug 2022, 02:51 PM

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন (আইডিইবি) মিলনায়তনে বৃহস্পতিবার আইডিইবির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ঐক্যফ্রন্টের ঘাড়ে ভর দিয়ে বিএনপি সংলাপের নামে আন্দোলনের পথ খুঁজছিল। তারা ভেবেছিল সংলাপে প্রধানমন্ত্রী সাড়া দেবেন না এবং সেই অজুহাতে তারা আন্দোলনেও নেমে পড়বে।

“কিন্তু প্রধানমন্ত্রী তাদের সংলাপে ডেকেছেন, দাবিও মেনে নিয়েছেন। এখন বিএনপি দিশেহারা হয়ে পড়েছে। তারা আন্দোলনে যেতে চাচ্ছে কিন্তু নতুন কোনো ইস্যু পাচ্ছে না।”

আন্দোলনের নতুন কোনো ইস্যু না পেয়ে বিএনপি তাদের দলীয় প্রধানের মুক্তির দাবি তুলছে বলে মনে করেন সমাজকল্যাণমন্ত্রী মেনন।

তিনি বলেন, “তারা (বিএনপি) এখন তাদের নেত্রীর মুক্তির ব্যাপারে কথা বলছে। কিন্তু তাদের নেত্রীতো ১/১১’র সময় এতিমের টাকা আত্মসাতের মামলায় সাজাপ্রাপ্ত। সুতরাং সেখানেও তাদের কোনো লাভ হচ্ছে না।

“কাজেই তারা এখন আন্দোলনে পরাজিত, সংলাপেও পরাজিত এবং জাতীয় নির্বাচনেও পরাজিত হবে।”

সারাদেশে আইডিইবির ৫ লাখ প্রকৌশলী শিক্ষার্থী রয়েছে জানিয়ে মেনন বলেন, এই বিরাট সংখ্যক নবীন প্রকৌশলীদের নানারকম উদ্ভাবনীতে দেশের কৃষি, শিল্পায়ন ও অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হবে বলে মনে করি।

“আমাদের সরকার এই নবীন প্রকৌশলীদের সঙ্গে আগেও ছিল ভবিষ্যতে ক্ষমতায় এলে পাশেই থাকবে।”

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আইডিইবির সাধারণ সম্পাদক শামসুর রহমান প্রমুখ বক্তব্য দেন।