২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার কবরে ফখরুলদের শ্রদ্ধা

সাতই নভেম্বরের স্মরণে ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস পালনের অংশ হিসেবে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2018, 01:20 PM

Updated : 08 Apr 2022, 07:17 PM

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ নেতাকর্মীরা বুধবার সকালে শেরেবাংলা নগরে জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। তারা সেখানে মোনাজাতেও অংশ নেন।

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার রায়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়া গত ফেব্রুয়ারি থেকে কারাগারে থাকায় এ বছর তাকে ছাড়াই দিনটি পালন করছে বিএনপি।

দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ নেতা আলতাফ হোসেন চৌধুরী, শাহজাহান ওমর, মোহাম্মদ শাহজাহান, ইনাম আহমেদ চৌধুরী, এজেডএম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, সানাউল্লাহ মিয়া, দেওয়ান সালাহউদ্দিন, আফরোজা আব্বাস, নাজিম উদ্দিন আলম, কাজী আবুল বাশারসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

জিয়ার কবরে শ্রদ্ধা জানানোর পর শেরেবাংলা নগর থেকে গণভবনের উদ্দেশে রওনা হন মির্জা ফখরুলসহ দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা। সেখানে জাতীয় ঐক্যফ্রন্টর প্রতিনিধি দলের সদস্য হিসেবে সাত দফা দাবি নিয়ে আওয়ামী লীগের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে বসেন তারা।

যাওয়ার আগে মির্জা ফখরুল জিয়ার কবর প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, “আলোচনায় সাত দফা দাবি আমরা তুলে ধরব। সরকার যদি সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ব্যবস্থা রাখতে চায়, একেই সঙ্গে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চায়, জনগণের অধিকারকে ফিরিয়ে দিতে চায়, তাহলে নিশ্চয়ই এই দাবিগুলা নিয়ে একটি সুচিন্তিত মতামত আসবে বলে আমরা বিশ্বাস করি।”

বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস পালনের অংশ হিসেবে সকালে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে বিশেষ পোস্টার।

পঁচাত্তরের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর টালমাটাল পরিস্থিতিতে ৩ নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে অভ্যুত্থানে গৃহবন্দি হওয়ার পর পাল্টা অভ্যুত্থানে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান ৭ নভেম্বর মুক্ত হন।

এর মধ্য দিয়ে জিয়া ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন, হন দেশের প্রথম সামরিক আইন প্রশাসক। পরে সামরিক আইন প্রশাসক থেকে রাষ্ট্রপতি হওয়া জিয়ার তত্ত্বাবধানেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠিত হয়।

বর্তমানে আওয়ামী লীগের জোটশরিক জাসদ এই দিনটিকে ‘সিপাহী-জনতার অভ্যুত্থান’ দিবস হিসেবে পালন করে। আওয়ামী লীগ পালন করে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ হিসেবে।