ঐক্যফ্রন্টের কারও কারও আচরণে ‘তাফালিং’ দেখছেন কাদের
সংলাপের মধ্যে আবার আন্দোলনের হুমকি দিয়ে করা জনসভায় জাতীয় ঐক্যফ্রন্টের কোনো কোনো নেতা ঔদ্ধত্য দেখাচ্ছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে তাদের নেতাদের বক্তব্যের দিকে ইঙ্গিত করে কাদের বলেছেন, “যারা যারা বড় বড় কথা বলেন এবং হঠাৎ করে … যেমন ভিন্ন ধর্মাবলম্বী যখন মুসলমান হয়, তখন নামাজ-কালাম বেশি পড়ে এবং গরুর মাংস একটু বেশি খায়।
“এরকম দু-একজনকে দেখলাম, খুবই তাফালিং করছে। আমি পরিবহন ডিল করি তো, ওরা তাফালিং একটা শব্দ ব্যবহার করে।”
গণভবনে বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপের পর একথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপের আগের দিন সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করে কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। এই জনসভায় বিএনপি নেতারা বলেছেন, সংলাপে তাদের দাবি মানা না হলে আন্দোলন হবে।
ঢাকায় জনসভায় কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা
কাদের বলেন, “সোহরাওয়ার্দী উদ্যানে তাদের যে জনসভা, সেখানে যে রকম ‘ভালগারিজম-অবসেনিটি, এটা আবার নতুন করে বাংলাদেশের পলিটিকসে দেখলাম। প্রধানমন্ত্রীকে নিয়ে পর্যন্ত শালীনতা করে কথা বলা হয়নি। তার নামটিও উচ্চারণ করা হয়েছে অশালীনভাবে।
“কী কারণে যন্ত্রণা, আমি এটা ভালো করে জানি। দেখলাম যে মানুষের হতাশা যখন বেড়ে যায়, তখন মানুষ বেপরোয়া হয়ে যায়।”
“তাদের আমি বলব যৌক্তিকভাবে কথা বলতে। ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে গেলে এটা কিন্তু গণতন্ত্রের জন্য শুভ ফল বয়ে আনবে না,” ঐক্যফ্রন্ট নেতাদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
আন্দোলনের হুমকির জবাবে তিনি বলেন, “আপনারা আন্দোলনের নামে রাস্তায় নাশকতা করবেন, সহিংসতা করবেন, আর আমরা ঘরে বসে ডুগডুগি বাজাব, এটা যেন মনে না হয়।”
বুধবারের সংলাপে কোনো সমঝোতা হবে কি না- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, “তারা যে বলছেন বাকি আছে, কী বাকি আছে, সেটা জানতে চাই কালকে সবিনয়ে।”
আরেক প্রশ্নে জবাবে কাদের বলেন, “নির্বাচনকালীন কোনো সরকার নেই। যে সরকার আছে, সেই সরকারই। আর টেকনোক্র্যাটদের তো বাদই দেওয়া হয়েছে।”
