২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের মালিক জনগণকে দাঁড়াতে হবে: কামাল

দেশে যা হচ্ছে তা মেনে ‘নেওয়া যায় না’ মন্তব্য করে ‘দেশের মালিক’ জনগণকে শক্তভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2018, 08:53 PM

Updated : 11 Oct 2022, 12:44 PM

পুরনো খবর:

সংলাপে দাবি না মানলে আন্দোলনের ঘোষণা ঐক্যফ্রন্টের

তিনি বলেছেন, “এদেশ কোনো মহারানীর নয়, কোনো রাজার নয়। জনগণ ক্ষমতার মালিক।… ভোট সুষ্ঠু না হলে স্বাধীনতা অর্থহীন হয়ে যায়।”

সেই ভোটের অধিকার রক্ষার জন্য ঐক্যবদ্ধ থেকে আপসহীনভাবে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ঐক্যফ্রন্টের সাত দফা দাবি নিয়ে গণভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দ্বিতীয় দফা সংলাপের আগের দিন মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসভায় কামাল হোসেনের এই আহ্বান আসে।

Image
সাত দফা দাবিতে কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হওয়ার পর মঙ্গলবার ঢাকায় এই জোটের প্রথম জনসভা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে।

সাত দফা দাবিতে কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হওয়ার পর মঙ্গলবার ঢাকায় এই জোটের প্রথম জনসভা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে।

গত ১৩ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর ঢাকায় এটাই ছিল জোটের প্রথম জনসভা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সভাপতিত্বে গণফোরাম সভাপতি কামাল হোসেন ছিলেন এ কর্মসূচির প্রধান অতিথি। আর জেএসডির সভাপতি আসম আবদুর রব ছিলেন প্রধান বক্তা।

এই তিন দল ছাড়াও জোটের শরিক নাগরিক ঐক্য, জাতীয় ঐক্যপ্রক্রিয়া এবং কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ জনসভায়।

কামাল হোসেন বলেন, “দেশে যা হচ্ছে তা মেনে নেওয়া যায়  না। আইনের শাসনের লঙ্ঘন করা হচ্ছে, যাকে তাকে যেন-তেনভাবে জেলে নিয়ে অন্তরীণ করা হচ্ছে। এগুলো করে গণতন্ত্রের কথা বলা হয়, সংবিধানের কথা বলা হয়। সংবিধানকে ষোল আনা উপেক্ষা করে ক্ষমতার অপব্যবহার হয়ে আসছে। ”

এর বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার আহ্বান জানিয়ে ঐক্যফ্রন্টের নেতা বলেন, “আমাদের বাঁচার উপায় হলো দেশের মালিক জনগণকে দাঁড়াতে হবে, শক্তভাবে দাঁড়াতে হবে। রাস্তা বন্ধ করে, বাস বন্ধ করে, লঞ্চ বন্ধ করে জনগণকে নিষ্ক্রিয় করা যাবে না। ইনশাল্লাহ আমরা আমাদের অধিকার উদ্ধার করে ছাড়ব।”

জোটের নেতাকর্মীদের উদ্দেশে কামাল হোসেন বলেন, “আমরা ঐক্যবদ্ধ হয়েছি, ঐক্যবদ্ধ থাকব। ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েই আমরা দেশের সকল অন্যায় দূর করব।”

Image
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় জোটের মূল উদ্যোক্তা কামাল হোসেন।

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় জোটের মূল উদ্যোক্তা কামাল হোসেন।

বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই জনসভায় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। উদ্যান ছাড়িয়ে মৎস্যভবন থেকে শাহবাগ পর্যন্ত গড়ায় তাদের ভিড়।

নেতা-কর্মীরদের অনেকের হাতে দেখা যায় বাংলাদেশের জাতীয় পতাকা। খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্লোগান দেন জোটের প্রধান দল বিএনপির নেতা-কর্মীরা।

উদ্যানের গাছে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান, হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম পিন্টু, লুৎফুজ্জামান বাবর, ব্যারিস্টার মইনুল হোসেনের ছবি সম্বলিত ব্যানার ঝুলতেও দেখা যায়। 

আর জনসভা মঞ্চের ব্যানারে লেখা ছিল ৭ দফা দাবির কথা, যার মধ্যে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তির দাবিও রয়েছে। 

বক্তব্যের শুরুতে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে কামাল হোসেন বলেন, “আমি বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছি। আর যারা রাজবন্দি আছেন তাদের সকলের মুক্তি দাবি করছি। “

নির্বাচনের প্রসঙ্গ টেনে কামাল বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু হয় তা নিশ্চিত করতে হবে। সেজন্য ঐক্যফ্রন্টের সবাইকে ‘পাহারাদার’ হতে হবে, পাশাপাশি ভোটও দিতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “স্বাধীনতা রক্ষা করার জন্য, ভোটের অধিকার রক্ষা করার জন্য আজকে আমরা এখান থেকে শপথ নিয়ে যাই, আপসহীনভাবে এই আন্দোলন চালিয়ে যাব, নির্বাচনের মধ্য দিয়ে জনগণ রাষ্ট্রক্ষমতার অধিকার ফিরে পাবে, এই রাষ্ট্র আপনাদের আমাদের কাছে ফিরে আসবে, ভয়াবহ যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটা থেকে আমরা মুক্ত হব।”

Image
জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় অংশ নিতে মঙ্গলবার দুপুরের আগেই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।

জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় অংশ নিতে মঙ্গলবার দুপুরের আগেই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।

কামাল অভিযোগ করেন, “যেভাবে পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে- এটা মেনে নেওয়া যায় না। এটা কোনো ব্যক্তি শাসনের রাষ্ট্র নয়। সরকারি দলের জন্য একরকম, বিরোধী দলের জন্য অন্যরকম। সরকারি দল সব আইনের ঊর্ধ্বে। আর প্রত্যেকদিন বিরোধী দলের কর্মীদের পুলিশের হয়রানি শিকার হতে হচ্ছে, জেলে যেতে হচ্ছে।”

তিনি বলেন, “স্বাধীন দেশে এটা চলতে পারে না। যদি সত্যিকার নির্বাচিত সরকার হত, তারপরও তার এমনভাবে হয়রানির অধিকার নেই। আর অনির্বাচিত সরকার তো এটা করতেই পারে না। এটা সম্পূর্ণভাবে অপরাধ। কাউকে বেআইনিভাবে আটক করা, কাউকে বেআইনিভাবে জেলে নেওয়া। আমি বলতে চাই, আজ হোক কাল হোক এসব অপরাধের অবশ্যই জবাব দিতে হবে।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে’ জনসভায় ৭ দফা দাবি তুলে ধরেন।

তিনি বলেন, “আজকে এই পিজি হাসপাতালে ছোট্ট একটি কক্ষে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় বন্দি জীবন কাটাচ্ছেন। আমি জানি না, জনগণের এই উচ্চারণ পৌঁছাচ্ছে কিনা। আমি বিশ্বাস করি, তিনি সেখান থেকে শুনছেন এবং বলছেন, এগিয়ে যাও, গণতন্ত্রের মুক্তির জন্য এগিয়ে যাও, বিজয় নিশ্চিত কর।”

ফখরুল বলেন, গণভবনের সংলাপে প্রতিশ্রুতি দেওয়ার পরও বিরোধী দলের নেতা-কর্মীদের ‘নির্যাতন’ করা হচ্ছে।

“প্রতিদিন গ্রেপ্তার হচ্ছে। এই জনসভা থেকেও গ্রেপ্তার করা হয়েছে। আমার কাছে লম্বা তালিকা আছে যা পড়ে শেষ করা যাবে না। শুধু গত ১ সেপ্টেম্বর থেকে ৪ হাজার ৩৭১টি মামলা হয়েছে। ২৫ লাখ আসামি।”

Image
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দ্বিতীয় দফা সংলাপ প্রসঙ্গে ফখরুল বলেন, “আগামীকাল একটা ছোট সংলাপের ডাক দিয়েছে। আমরা রাজি আছি। সংলাপে বিশ্বাস করি। আমরা চাই আলাপ-আলোচনার মাধ্যমে জনগণের সমস্যার সমাধান হোক, জনগণ মুক্তি পাক।

“কিন্তু এটা নিয়ে নাটক করলে চলবে না। আপনাকে ছেড়ে দিতে হবে, সংসদ বাতিল করতে হবে। একই সঙ্গে নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। এর কোনো বিকল্প নাই। আমরা আশা করব, আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে, জনগণের স্বার্থে ৭ দফা দাবি মেনে নেবেন।”

জেএসডির সভাপতি আসম আবদুর রব বলেন, “আমরা দাবি আদায় ছাড়া ঘরে ফিরব না। সাত দফা দাবি মেনে নিন। তা নাহলে আপনার উপায় নেই। আর গায়েবী মামলা দেবেন না, কাউকে গ্রেপ্তার করবেন না, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিকে মুক্তি দিন। অন্যথায় খবর আছে।”

Image
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় জোটের মুখপাত্র ও জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় জোটের মুখপাত্র ও জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, “আমি বিএনপিতে যোগ দেই নেই, আমি ড. কামাল হোসেনের ঐক্যফ্রন্টে যোগদান করেছি। আমি বলব, যদি আপনারা জিততে চান, তাহলে জয় আপনাদের হাতে। আর যদি হারতে চান তাও আপনাদের হাতে।”

সাবেক এই আওয়ামী লীগ নেতা বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, “যদি বিজয়ী হতে চান, তাহলে নির্বাচন পর্যন্ত বিএনপি ভুলে যান। জাতীয় ঐক্যফ্রন্টের পতাকাতলে অন্ততপক্ষে সোজা হয়ে দাঁড়ান।”

মুক্তিযুদ্ধের কাদেরিয়া বাহিনীর নেতা কাদের সিদ্দিকী বলেন, বিএনপি রাজকারের গাড়িতে বাংলাদেশের পতাকা তুলে দিয়েছে বলে যে অভিযোগ আওয়ামী লীগ করে, তা ‘সত্য নয়’। আওয়ামী লীগই ‘প্রথম’ ওই কাজ করেছে।

তিনি বলেন, “সোহরাওয়ার্দী উদ্যানে আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা এনেছিলাম, আজকে বলে যাচ্ছি, ড. কামাল হোসেনের নেতৃত্বে আমরা এই পল্টন থেকে গণতন্ত্রকে মুক্ত করব, বেগম খালেদা জিয়াকে মুক্ত করব।”

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, “দেশে নির্বাচন হবে, জনগণের বিজয় হবে। যদি সরকার দাবি না মানে তাহলে কি হবে? এই সভা থেকে, এই মঞ্চ থেকে বলছি, এখান থেকে শাপলা চত্বর পর্যন্ত যত রাজপথ আছে প্রকম্পিত করে আমাদের দাবি আদায় করব।”

Image
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় যোগ দিতে মঙ্গলবার দুপুরে ঢাকার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসেন জোটের নেতাকর্মীরা।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় যোগ দিতে মঙ্গলবার দুপুরে ঢাকার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসেন জোটের নেতাকর্মীরা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “প্রথম সংলাপ কোনো কাজের সংলাপ হয় নাই। আমরা আগামীকাল যাচ্ছি। আমরা ঝগড়া করতে চাই না। আমরা বলতে চাই, আগামী দিনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ব্যবস্থা নিতে হবে। তা না হলে আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে।”

স্থায়ী কমিটির আরেক সদস্য মওদুদ আহমদ বলেন, “আমরা সংলাপে এখনো কিছু পাই নাই। আজকে সরকার যদি সংলাপের মাধ্যমে সমঝোতায় না আসে, রাজপথ ও আন্দোলন ছাড়া আমাদের কোনো বিকল্প থাকবে না। আপনারা প্রস্তুত হোন।”

জাতীয় ঐক্যপ্রক্রিয়ার সুলতান মো. মনসুর আহমেদ বলেন, “আমরা জনগণকে বলতে চাই, সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুল বাঁকা করতে হতে পারে। সকলে প্রস্তুতি নিন।’’

গণস্বাস্থ্যের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশের ‘সঙ্কট’ থেকে উত্তরণে সকলকে এক হতে হবে। আর চুপ করে বসে থাকা যাবে না।

Image
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় প্ল্যাকার্ড হাতে নেতাকর্মীরা।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় প্ল্যাকার্ড হাতে নেতাকর্মীরা।

বিএনপির শহিদউদ্দিন চৌধুরী এ্যানী, আবদুস সালাম আজাদ, আমিরুল ইসলাম আলীম, জেএসডির শফিকউদ্দিন আহমেদ স্বপন ও গণফোরামের মোশতাক আহমেদের পরিচালনায় এ জনসভায় জেএসডির তানিয়া রব, আবদুল মালেক রতন, এম এ গোফরান, গণফোরামের মোস্তফা মহসিন মন্টু, সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের এসএম আকরাম হোসেন, শহীদুল্লাহ কায়সার বক্তব্য রাখেন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির জমিরউদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আবদুল্লাহ আল নোমান, জয়নাল আবেদীন, আমানউল্লাহ আমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ফজলুল হক মিলন, অঙ্গসংগঠনের কাজী আবুল বাশার, আহসানউল্লাহ হাসান, আফরোজা আব্বাস, সাইফুল আলম নীরব, শফিউল বারী বাবু ও রাজীব আহসান।

এছাড়া ২০ দলীয় জোটের শরিক বিজেপির আন্দালিব রহমান পার্থ, জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ইসলামী ঐক্যজোটের এম এ রকীব, খেলাফত মজলিশের আহমেদ আবদুল কাদের, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা নুর হোসাইন কাশেমী, এলডিপির রেদোয়ান আহমেদ, বিকল্পধারা বাংলাদেশের একাংশের অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী বক্তব্য দেন জনসভায়।

এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার খোন্দকার লুৎফর রহমান, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা আবদুর রব ইউসুফী, বিকল্পধারা একাংশের মহাসচিব শাহ আহমেদ বাদল, পিপিবির রিটা রহমান, গণফোরামের মোকাব্বির খান, জগলুল হায়দার আফ্রিক, আওম শফিকউল্লাহ, জাতীয় ঐক্য প্রক্রিয়ার  আবম মোস্তফা আমিন, কৃষক শ্রমিক জনতা লীগের নাসরিন সিদ্দিকী, হাবিবুর রহমান বীর প্রতীক, বিএনপির সেলিমা রহমান, শাহজাহান ওমর, আবদুল মান্নান, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, শামসুজ্জামান দুদু, মীর নাসির, মাহমুদুল হাসান, রুহুল আলম চৌধুরী, আহমেদ আজম খান, এজেএম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, জয়নুল আবদিন ফারুক, লুৎফুর রহমান খান, আবুল খায়ের ভুঁইয়া, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, ফরহাদ হালিম ডোনার, মাহবুবউদ্দিন খোকন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আহসান হাবিব দুলু, নুরুল ইসলাম মনজু, বিলকিস জাহান শিরিন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, সালাহউদ্দিন আহমেদ, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, শিরিন সুলতানা, এবিএম মোশাররফ হোসেন,নাজিম উদ্দিন আলম, মীর সরফত আলী সপু, মোস্তাফিজুর রহমান বাবুল, শামীমুর রহমান শামীম, হারুনুর রশীদ, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ উপস্থিত ছিলেন।