সাতক্ষীরার ডিসি-এসপির বিরুদ্ধে অভিযোগ বাম জোটের
ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ তুলে সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তফা কামাল ও পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমানকে অপসারণের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
সাতক্ষীরার তালার খালিশখালি পল্লীমঙ্গল ক্লাব মাঠে বাম জোটের জনসভার মঞ্চ ভেঙে দেওয়ার প্রতিকার চাইতে গেলে গত ১ নভেম্বর এসপি ও ডিসি দুর্ব্যবহার করেন বলে রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
বাম জোটের সমন্বয়ক সাইফুল হক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গত ১ নভেম্বর খালিশখালিতে বাম জোটের জনসভা ছিল। এ জনসভার জন্য সাতক্ষীরার এসপির কাছে আবেদন জানিয়ে মৌখিক অনুমতি পাওয়ার পর পল্লীমঙ্গল মাঠে মঞ্চ তৈরি করা হয়। কিন্তু জনসভার আগের দিন ৩১ অক্টোবর পুলিশ জনসভা মঞ্চ ভেঙে দেয়। একই সাথে বাম জোটের শরিক দল ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতা শেখ আবুল কামালকে পাটকেলঘাটা থানায় আটকে রাখা হয়।
সাইফুল হক বলেন, ঢাকা থেকে তিনিসহ জোটের কেন্দ্রীয় নেতারা ১ নভেম্বর সাতক্ষীরা পৌঁছে জেলা প্রশাসক ও এসপির সাথে দেখা করেন এবং জনসভার মঞ্চ ভেঙে দেওয়াসহ পুরো ঘটনার বর্ণনা দেন।
“কিন্তু নেতাদের সাথে সামান্য সৌজন্য না দেখিয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এসপি ও ডিসি। এ ঘটনা আমাদেরকে বিস্মিত করেছে। মনে হয়েছে এটা কী বাংলাদেশের বাইরে আরেকটা দেশ কি না?”
সাতক্ষীরার এসপি ও ডিসির সাথে দেখা করার সময় বাম জোটের নেতাদের মধ্যে সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম, বাসদের নেতা বজলুর রশিদ ফিরোজ, ইউসিএলবির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু উপস্থিত ছিলেন।
সাইফুল হক বলেন, “সরকার একদিকে অবাধ নির্বাচনের পরিবেশ রয়েছে বলে দাবি করছে; অন্যদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জনসভায় জঙ্গি হামলা হতে পারে, এ আশঙ্কায় অনুমতি না দেওয়ার জন্য সারাদেশে প্রত্যেক থানায় নির্দেশ পাঠানো হয়েছে।”
সিপিবি সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, “সাতক্ষীরার মানুষ খুবই আতঙ্কগ্রস্ত। সেখানে মিছিল-মিটিং করার কোনো পরিবেশ নেই। সেখানের ডিসি-এসপির এমন অসৌজন্যমূলক আচরণ আসলে সারা দেশের ডিসি-এসপিদের আচরণ। তাদের এমন অবস্থানের কারণে সন্দেহ হচ্ছে দেশে সুষ্ঠু নির্বাচন হবে কি না?”
পুরান পল্টনের মুক্তি ভবনে সংবাদ সম্মেলনে বাম গণতান্ত্রিক জোটের অন্যদের নেতাদের মধ্যে বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি উপস্থিত ছিলেন।
গাজীপুরে হামলার নিন্দা
গাজীপুরে বাসদের নেতাকর্মীদের উপর হামলায় নিন্দা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
জোটের এক বিবৃতিতে বলা হয়, রোববার দুপুরে সন্ত্রাসীদের আকস্মিক হামলায় বাসদের গাজীপুর জেলা সমন্বয়ক রাহাত আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রাহাত আহম্মেদ শুভ্র, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ছাত্র ফ্রন্টের সংগঠক শাকিল আহম্মেদ আহত হন; তিনজনই বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে ভর্তি বাণিজ্য, সিট বাণিজ্য ও ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন করায় ছাত্রলীগ এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয় বিবৃতিতে।
