২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণভবনে ৩ ঘণ্টা সংলাপ বি. চৌধুরীর যুক্তফ্রন্টের

নির্বাচন সামনে রেখে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিন ঘণ্টা সংলাপ করেছে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2018, 07:42 PM

Updated : 19 Aug 2022, 02:49 PM

বহুল আলোচিত এই সংলাপে যোগ দিতে বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্টের প্রতিনিধি দলের সদস্যরা সন্ধ্যা সোয়া ৭টার পর গণভবনে পৌঁছান।

ময়মনসিংহে বেশ কিছু প্রকল্প উদ্বোধন এবং জনসভায় বক্তৃতা দিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার আগেই গণভবনে ফেরেন প্রধানমন্ত্রী।

Image
বদরুদ্দোজা চৌধুরী গণভবনে পৌঁছান আবদুল মান্নান ও শমসের মবিন চৌধুরীকে সঙ্গে নিয়ে

বদরুদ্দোজা চৌধুরী গণভবনে পৌঁছান আবদুল মান্নান ও শমসের মবিন চৌধুরীকে সঙ্গে নিয়ে

যুক্তফ্রন্টের নেতারা গণভবনে ঢুকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ উপস্থিত নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর তারা ব্যাংকোয়েট হলে ঢুকে নির্ধারিত আসনে বসেন।

সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে প্রধানমন্ত্রী ব্যাংকোয়েট হলে ঢুকলে বিকল্প ধারার বদরুদ্দোজা চৌধুরী, আবদুল মান্নান ও শমসের মবিন চৌধুরী তাকে ফুল দিয়ে স্বাগত জানান।  

সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, “যাতে জনগণ তাদের নেতৃত্ব খুঁজে নিতে পারে, কীভাবে তা খুঁজে নিতে পারে সেটাই লক্ষ্য।”

গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা ছাড়া উন্নয়ন সম্ভব নয় মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক। উন্নয়নের ধারা সচল থাকুক। অনেক ঘাত প্রতিঘাত বাধা অতিক্রম করে আমরা গণতান্ত্রিক ধারা অবাহত রেখেছি।”

তিনি বলেন, “দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের ধারা অবাহত থাকুক, সেটাই আমরা চাই।” 

এরপর যুক্তফ্রন্টের ২১ নেতার সঙ্গে রুদ্ধদ্বার আলোচনা করেন শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন ক্ষমতাসীন জোটের ২২ নেতা।

রাত সাড়ে ১০টা পর্যন্ত এই সংলাপ চলে। সংলাপ শেষে একে একে বেরিয়ে যান যুক্তফ্রন্টের নেতারা।

সংলাপ শেষে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ গণভবনের বাইরে অপেক্ষায় থাকা সাংবাদিকদের বলেন, “ভালো আলোচনা হয়েছে, আশা করি তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে।”

Image
শুক্রবার সন্ধ্যায় গণভবনে যুক্তফ্রন্টের নেতাদের সঙ্গে সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সুমন দাশ

শুক্রবার সন্ধ্যায় গণভবনে যুক্তফ্রন্টের নেতাদের সঙ্গে সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সুমন দাশ

সংলাপে বিকল্প ধারার সভাপতি বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্টের প্রতিনিধি দলে রয়েছেন বিকল্পধারার নেতা আবদুল মান্নান, শমসের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার মিলন, আবদুর রউফ মান্নান, ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, সহসভাপতি মাহমুদা চৌধুরী, মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক ও নির্বাহী সদস্য সাবেক এমপি মাজহারুল হক শাহ চৌধুরী; সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজা; বিএলডিপি সভাপতি নাজিম উদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন; বাংলাদেশ ন্যাপের সভাপতি জেবেল রহমান গানি, মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া; ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান (এনডিপি) খোন্দকার গোলাম মোর্ত্তুজা, মহাসচিব মঞ্জুর হোসেন ইশা; বাংলাদেশ জনতা পার্টির সভাপতি শেখ আসাদুজ্জামান; জনদলের চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী; হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনাইটেড মাইনরিটি ফ্রন্টের সভাপতি দীলিপ কুমার দাশ এবং লেবার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী।
Image
শুক্রবার সন্ধ্যায় গণভবনে যুক্তফ্রন্টের নেতাদের সঙ্গে সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সুমন দাশ

শুক্রবার সন্ধ্যায় গণভবনে যুক্তফ্রন্টের নেতাদের সঙ্গে সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সুমন দাশ

অন্যদিকে শেখ হাসিনার নেতৃত্বে ২৩ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্যাহ, আবদুল মতিন খসরু, মো.আব্দুর রাজ্জাক, রমেশ চন্দ্র সেন, আনিসুল হক, মাহাবুব-উল আলম  হানিফ, আবদুর রহমান, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুস সোবহান গোলাপ, শ ম রেজাউল করিম, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদ নেতা হাসানুল হক ইনু, মইনুদ্দিন খান বাদল ও সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া।

বিএনপিকে সঙ্গে নিয়ে কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট বৃহস্পতিবার রাতে গণভবনে সংলাপে অংশ নেয়।

পরে এক সংবাদ সম্মেলনে কামাল বলেন, এ আলোচনায় বিশেষ কোনো সমাধান তারা পাননি। আর জোটের সবচেয়ে বড় দল বিএনপির ফখরুল সাংবাদিকদের বলেন, আলোচনায় তারা সন্তুষ্ট নন।

এই জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের প্রক্রিয়ায় বিকল্প ধারাও ছিল; কিন্তু বিএনপি জামায়াতে ইসলামীর সঙ্গ না ছাড়ায় তাদের নিয়ে আপত্তির কথা জানিয়ে শেষ মুহূর্তে তাতে যোগ দেয়নি বি চৌধুরীর দল। পরে বিএলডিপি, বাংলাদেশ ন্যাপ ও এনডিপিকে নিয়ে বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে গঠিত হয় যুক্তফ্রন্ট। 

Image
শুক্রবার সন্ধ্যায় গণভবনে যুক্তফ্রন্টের নেতাদের সঙ্গে সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সুমন দাশ

শুক্রবার সন্ধ্যায় গণভবনে যুক্তফ্রন্টের নেতাদের সঙ্গে সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সুমন দাশ

সাত দফা দাবি নিয়ে যুক্তফ্রন্ট এই সংলাপে অংশগ্রহণ করে।

দাবিগুলো হল-

# নির্বাচনে প্রার্থীদের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা। সংসদ ভেঙে দেওয়া, সম্ভব না হলে নিষ্ক্রিয় রাখা।

# নির্বাচনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কর্মচারীদের নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত করা। নির্বাচন কমিশনকে শতভাগ রাষ্ট্রপতির অধীনে রাখা। তফসিল ঘোষণার পর এমপিরা যাতে সংশ্লিষ্ট এলাকায় কোনো প্রকল্প উদ্বোধন বা প্রতিশ্রুতি দিতে না পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। প্রয়োজনে আইন করে মন্ত্রী ও এমপিদের সরকারি সুযোগ-সুবিধা প্রত্যাহার করা। ক্ষমতাসীন দলের প্রার্থীদের বিল বোর্ড, ব্যানার, পোস্টার অপসারণ করা।

# নির্বাচন হতে হবে নির্বাচনকালীন সরকারের অধীনে। প্রয়োজনে এক দিনের জন্য সংসদ ডেকে জাতীয় সরকার গঠন করা যেতে পারে। অথবা মন্ত্রিপরিষদে বিভিন্ন রাজনৈতিক দল বা জোট থেকে গ্রহণযোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে একটি সন্তোষজনক নির্বাচনকালীন সরকার গঠন করা যেতে পারে। নির্বাচনে সকল প্রকার নিরপেক্ষতা বজায় রাখার জন্য নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার অথবা বর্তমান সরকারের নির্বাচন বিষয়ে ক্ষমতা সীমিত করতে হবে।

# নির্বাচনের আগে ও পরে যাতে শান্তি-শৃঙ্খলার বিঘ্ন না ঘটে-সেজন্য সেনাবাহিনীকে নির্বাচনের দুই সপ্তাহ আগে এবং নির্বাচনের দুই সপ্তাহ পর পর্যন্ত মোতায়েন করতে হবে। ভোটের দিন সেনাবাহিনীকে সীমিত ক্ষমতা দিতে হবে যেমন, আটক রাখার ক্ষমতা ও ভোট কেন্দ্রে থাকা।

# নির্বাচনে ইভিএম ব্যবহার না করা।

# নির্বাচনের আগে রাজনৈতিক কারণে আটক বন্দিদের মুক্তি দিতে হবে।

# নির্বাচন সম্পর্কিত মামলা নির্বাচনের পর এক মাসের মধ্যে নিষ্পত্তি করা। সেই লক্ষ্যে প্রয়োজনীয় আইন অতি প্রণয়ন করা।

পুরনো খবর:

যুক্তফ্রন্ট সংলাপে যাচ্ছে ২১ জনের দল নিয়ে
সংলাপে আমন্ত্রণ বি চৌধুরীকেও
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে ‘সমাধান পায়নি’ জাতীয় ঐক্যফ্রন্ট
আরও আলোচনার দ্বার খোলা: কাদের