বিএনপিপন্থি আইনজীবীদের কর্মবিরতি, আওয়ামীপন্থিদের সঙ্গে হাতাহাতি
খালেদা জিয়ার সাজা বৃদ্ধির রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচির মধ্যে আওয়ামী সমর্থকদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে।
বুধবার সকাল থেকে দেশের সর্বোচ্চ আদালতের প্রাঙ্গণে বিএনপি সমর্থক আইনজীবীদের এই কর্মবিরতি আর বিক্ষোভের মধ্যেই সুপ্রিম কোর্টের আপিল বিভগের কার্যক্রম চলছে।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারকের আপিল বেঞ্চ সকাল ৯টায় আদালতের নিয়মিত কার্যক্রম শুরু করেন। অ্যাটর্নি জেনারেলসহ মামলাসংশ্লিষ্ট আইনজীবীরা সে সময় উপস্থিত ছিলেন।
আপিল বিভাগের কার্যক্রম শুরু হওয়ার পর দোতলায় আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে গ্যাংওয়ের গেইটে (সুপ্রিম কোর্টের মূল ভবনে যাওয়ার সংযোগ পথ) তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন বিএনপিপন্থি আইনজীবীরা। ফলে অন্য আইনজীবীদের নিচতলার সিঁড়ি দিয়ে আপিল বিভাগে যাতায়াত করতে হয়।
বিক্ষোভ চলাকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বিএনপি নেতা জয়নুল আবেদীন দাবি করেন, সাধারণ আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবে আদালত বর্জন কর্মসূচিতে যোগ দিয়েছেন। তারাই গেইটে তালা দিয়েছেন।
“বন্দুকের মুখে রেখে তাকে রায় দেওয়ানো হয়েছে। সরকারের চাপে মাথানত করে খালেদা জিয়ার সাজা বাড়ানোর রায় দেওয়া হয়েছে। সরকার বিচারকি আদালতকে করায়ত্ব করেছে, উচ্চ আদালতকেও করায়ত্ব করার চেষ্টা করছে। বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ বন্ধ না হলে সারা দেশেই আদালত বর্জনের ঘোষণা দেওয়া হবে।”
তাদের এই বিক্ষোভ চলাকালে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুনের নেতৃত্বে আওয়ামীপন্থি আইনজীবীরা বেলা সাড়ে ১০টার দিকে বারের সভাপতির কক্ষের সামনে যান গেইটের তালা ভাঙার জন্য। এ সময় সেখানে উত্তেজনা তৈরি হয়, দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
ইউসুফ হোসেন হুমায়ুন বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলা হয়েছে। রায়ের বিরুদ্ধে লড়াই করতে হলে আইনিভাবেই করতে হবে। আদালত বর্জনের সিদ্ধান্ত আইনজীবী সমিতির সিদ্ধান্ত নয়। আদালত বর্জন করলে খালেদা জিয়ার আইনজীবীরা করতে পারে। গেইটে তালা দিয়ে সাধারণ আইনজীবীদের তারা বাধ্য করতে পারে না। এ তালা ভাঙতে হবে।”
বিদেশ থেকে জিয়া এতিমখানা ট্রাস্টের নামে আসা দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় জজ আদালত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিল।
তিন আসামির আপিল এবং দুদকের একটি রিভিশন আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেয়।
ওই রায়ের পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে সংবাদ সম্মেলন করে বুধবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত সর্বোচ্চ আদালতের দুই বিভাগে (হাই কোর্ট ও আপিল) কর্মবিরতি পালনের ঘোষণা দেন বিএনপিসমর্থক আইনজীবীরা।
তাদের আদালত বর্জনের এই কর্মসূচিতে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টও সমর্থন জানায়।
