বুধবার সর্বোচ্চ আদালত বর্জনের ঘোষণা বিএনপিপন্থি আইনজীবীদের
জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় হাই কোর্টে খালেদা জিয়ার সাজা বাড়ানোর প্রতিবাদে বুধবার সর্বোচ্চ আদালত বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপিপন্থিদের নিয়ন্ত্রণে থাকা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
মঙ্গলবার রায়ের পর আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে আদালত বর্জনের এই কর্মসূচি ঘোষণা করেন এই সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
তিনি বলেন, ‘বেআইনিভাবে’ বিএনপি চেয়ারপারসনের সাজা বাড়ানোর প্রতিবাদে বুধবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত তারা সর্বোচ্চ আদালতের দুই বিভাগে (হাই কোর্ট ও আপিল) কর্মবিরতি পালন করবেন।
বিদেশ থেকে জিয়া এতিমখানা ট্রাস্টের নামে আসা দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের এই মামলায় জজ আদালত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিল।
তিন আসামির আপিল এবং দুদকের একটি রিভিশন আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেয়।
রায়ের পর খালেদা জিয়ার আইনজীবীদের প্রতিক্রিয়া জানতে ধরণা দিলেও তাদের কেউ মুখ খোলেননি। এর মধ্যে রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুরু করে বিএনপিপন্থি আইনজীবী।
পরে জানা যায়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বৈঠকে বসেছে। এ বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে তারা প্রতিক্রিয়া জানাবেন।
বৈঠক শেষে বেলা সোয়া একটার দিকে শামছুল হক চৌধুরী মিলনায়তনে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেই চলে যান খালেদা জিয়ার আইনজীবীরা।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস-চেয়ারম্যান জয়নুল আবেদীন অভিযোগ করেন, সংশ্লিষ্ট হাই কোর্ট বেঞ্চে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা ছাড়া কোনো সাধারণ আইনজীবীকে ঢুকতে দেয়নি আইন-শৃঙ্খলা বাহিনী।
আদালতে আইন-শৃঙ্খলা বাহিনীর এমন কর্তৃত্বকে নজিরবিহীন হিসেবে বর্ণনা করে তিনি বলেন, “এখন বিচার বিভাগের উপর মানুষের আস্থা দিন দিন হারিয়ে যাচ্ছে। এই কারণে সাধারণ আইনজীবীরা, দেশের মানুষ দেশের সর্বোচ্চ আদালতের প্রতিনিধিদের দিকে তাকিয়ে আছে। তারা মনে করে যে এই প্রতিনিধরা তাদের জন্য কিছুটা হলেও প্রতিকার করবে।
“তারই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সিদ্ধান্ত নিয়েছি বিচার বিভাগের স্বাধীনতা সমুন্নত রাখার জন্য এবং এরকম একটি বেআইনি রায়ের প্রতিবাদে আগামীকাল সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত উভয় বিভাগের আদালত বর্জনের ঘোষণা দিলাম।”
বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন ও নিতাই রায় চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আদালত বর্জনের কর্মসূচিতে সমর্থন জানিয়েছে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট।
সংগঠনটির মুখপাত্র একেএম এহসানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশে আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং বিচার বিভাগের স্বাধীনতা পুনরুদ্ধারের দাবিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কর্তৃক আহুত সকাল ৯ টা হতে দুপুর ১টা পর্যন্ত সুপ্রিম কোর্ট বর্জনের কর্মসূচিতে আমরা সমর্থন জানিয়েছি।”
