২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সংলাপকে স্বাগত জাপা মহাসচিবের

জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2018, 11:23 PM

Updated : 19 Aug 2022, 02:48 PM

মঙ্গলবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, “মেঘাচ্ছন্ন রাজনীতিতে ডায়ালগ আলোর দিশারী।”

একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে কামাল হোসেনের উদ্যোগে বিএনপিকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

আগামী বৃহস্পতিবার সংলাপের আমন্ত্রণ জানিয়ে মঙ্গলবার চিঠি দেওয়া হয় কামাল হোসেনকে।

হাওলাদার বলেন, “ডায়ালগের ফলাফল নির্ভর করে এতে অংশ নেওয়া উভয় পক্ষের আন্তরিকতার ওপর। ডায়ালয়ের পবিত্রতা সৌন্দর্য উভয় পক্ষকেই রক্ষা করতে হবে। ফলেই ডায়ালগ সমাদৃত হবে।”

বিকালে জাতীয় পার্টির কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মিলিত জাতীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন হাওলাদার। 

এ সময় ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান এম এ মান্নান, মহাসচিব এম এ মতিন, কেন্দ্রীয় নেতা ছওম আবদুস সামাদ, আবু সুফিয়ান কাবেরী আল কাদেরী উপস্থিত ছিলেন।

হাওলাদার আরও বলেন, "কোনো কোনো ক্ষেত্রে জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ বিষয়ে সংশয় হতেই পারে। আষাঢ় মাসে যেমন ঝড় বৃষ্টি আসে, তেমনি জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনীতির আকাশ মেঘলা হয়। 

“ডায়ালগ আকাশের মেঘ ভেদ করে আলোর সন্ধান দিতে পারে। মানুষের প্রত্যাশা পূরণে আশার আলো সৃষ্টি হতে পারে। একটি মর্যাদাপূর্ণ পরিবেশ সৃষ্টি  করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।"