ঢাকায় জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা ২ নভেম্বর: রিজভী
সিলেট ও চট্টগ্রামের পর ঢাকায় আগামী ২ নভেম্বর সরকারবিরোধী নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা হবে বলে শরিক দল বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
সোমবার সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির কথা জানান।
তিনি বলেন, “৭ দফা দাবিতে আগামী ২ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যান বা নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা অনুষ্ঠিত হবে। এই দুই জায়গার যেখানেই অনুমতি পাবো সেখানেই আমরা এই জনসভা করব। “
ঢাকার পর রাজশাহীতে আগামী ৬ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা হবে বলেও জানান রিজভী।
গত ১৩ অক্টোবর গণফোরাম সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর ২৪ অক্টোবর সিলেটের রেজিস্টারি মাঠে ও ২৭ অক্টোবর চট্টগ্রাম বিএনপি কার্যালয়ের সামনে ফ্রন্টের জনসভা হয়।
সংবাদ সম্মেলনে টাঙ্গাইল, চট্টগ্রাম, মানিকগঞ্জ, ঝিনাইদহ, নরসিংদী, খুলনা, সাতক্ষীরা, মুন্সিগঞ্জ, নাটোরসহ বিভিন্ন জেলায় ‘গায়েবি মামলায়’ নেতা-কর্মীদের গ্রেপ্তারের পরিসংখ্যান তুলে ধরেন রিজভী।
তিনি বলেন, “গত ১ সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত সারাদেশে গায়েবি মামলার সংখ্যা ৪ হাজার ২৪৫টি। এতে মোট আসামি করা হয়েছে ৩ লাখ ৯২ হাজার ১২ জনকে। গ্রেপ্তারের সংখ্যা ৫ হাজার ৫৩৭ জন।”
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
