২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণমাধ্যম নিয়ন্ত্রণে নিতেই ডিজিটাল আইন: মওদুদ

নির্বাচনের আগে গণমাধ্যম নিয়ন্ত্রণে রাখতেই সরকার ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2018, 05:25 PM

Updated : 19 Aug 2022, 02:39 PM

শুক্রবার এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, “এই আইনটি করা হয়েছে নির্বাচনের আগে দুরভিসন্ধিমূলকভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণে রাখার জন্য। ৫৭ ধারায় যে বিধান ছিল সেটাকে এখন চারটা সেকশনের মধ্যে দিয়ে দিয়েছে।”

ডিজিটাল নিরাপত্তা আইনের ধারাগুলো তুলে ধরে সাবেক বিএনপি সরকারের আইনমন্ত্রী মওদুদ বলেন, এ আইনের ৩২ ধারা আরও বিপদজনক। সরকারি কোনো কাগজ সাংবাদিকদের দিলে এ আইনে ১৪ বছরের সাজা এবং ২৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

‘‘এর অর্থটা কী? এর অর্থ হল গণমাধ্যমের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে স্তব্ধ করে দেওয়া, তাদের টুটি চেপে ধরা, তাদের হাত-পা বেঁধে দেওয়া …।”

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার লেখা ‘এ ব্রোকেন ড্রিম’ বইকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে বর্ণনা করেন মওদুদ।

তিনি বলেন, “এ বইটাতে স্পষ্ট করে তিনি (এসকে সিনহা) বলে দিয়েছেন, কী করে দেশের সর্বোচ্চ আদালতের উপরে সরকার রাজনৈতিক প্রভাব খাটাত, তিনি বলে দিয়েছেন কী কারণে তারা স্বাধীনভাবে কাজ করতে পারেন নাই।”

বিচারপতি সিনহার এক রায়েই গুলশানের বাড়ি হারানোর প্রসঙ্গ টেনে মওদুদ বলেন, ‘‘উনি বলেছিলেন যে এটা সরকারি বাড়ি নয়। কিন্তু তিনি একটা অন্যায় কাজ করেছেন। সেটা হ,ল যদি এটা সরকারের বাড়ি না হয়, তাহলে সরকারের আপিল তিনি কেন গ্রহণ করলেন?”

সেই রায়ের সুযোগে সরকার পুলিশ পাঠিয়ে বাড়ি থেকে উচ্ছেদ করেছে বলে মন্তব্য করেন মওদুদ।

“তারপরেও আমি এস কে সিনহার ষোড়শ সংশোধনীর রায়কে ডিফেন্ড করি এবং তার এই বইয়ের প্রশংসা করি। তার এই ভূমিকার জন্য তিনি বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে থাকবেন।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনের সহ-সভাপতি মজিবর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন আলম, সাবিরা নাজমুল, ফরিদউদ্দিন, ভিপি ইব্রাহিম বক্তব্য দেন।