খালেদার মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন
খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা।
ঢাকায় কেন্দ্রীয়ভাবে সোমবার বেলা ১১টা থেকে এক ঘণ্টার এই কর্মসূচি চলে। একই সময়ে সারাদেশে মহানগর ও জেলা সদরে একযোগে মানববন্ধন করা হয় বলে দলের নেতারা জানান।
একই দাবিতে আগামী ১২ সেপ্টেম্বর ঢাকাসহ সারাদেশে মহানগর ও জেলা সদরে দুই ঘণ্টা প্রতীক অনশনের কর্মসূচিও রয়েছে বিএনপির।
এই কর্মসূচিতে অংশ নিতে সকাল ১০টা থেকেই নেতা-কর্মীরা ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
তাদের এ কর্মসূচির কারণে প্রেস ক্লাবের সামনের সড়কের এক পাশে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ অন্য পাশ দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করে।
জিয়া এতিমখানা দুর্নীতি মামলার রায়ে পাঁচ বছরের সাজায় খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
তার মুক্তির দাবিতে ধারাবাহিকভাবে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, অবস্থান, প্রতীক অনশন, গণস্বাক্ষর সংগ্রহ ও স্মারকলিপি পেশের মত কর্মসূচি পালন করে আসছে বিএনপি।
