২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যান হত্যার নিন্দায় জাতীয় পার্টি

সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেতা কেএম মোশাররফ হোসেনকে হত্যার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে তার দল জাতীয় পার্টি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2018, 04:40 PM

Updated : 08 Apr 2022, 06:59 PM

রোববার দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, “জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে রাজনৈতিক নেতাদের ওপর এমন বর্বরোচিত হামলা এবং হত্যাকাণ্ড সামাজিক অস্থিরতা সৃষ্টি করবে।”

শনিবার রাতে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বেলেডাঙ্গা বাজারে একদল দুর্বৃত্ত মোশাররফ হোসেনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে বলে জানিয়েছে পুলিশ।

জাতীয় পার্টির (এরশাদ) লাঙ্গল প্রতীক নিয়ে তিনি দুইবার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

জাতীয় পার্টির বিবৃতিতে বলা হয়, মোশারেফ হোসেন ছিলেন সাতক্ষীরা অঞ্চলের একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা। তিনি দীর্ঘদিন জাতীয় পার্টির নিবেদিত কর্মী হিসেবে কাজ করেছেন। বিপুল জনপ্রিয়তার কারণে কৃষ্ণনগর ইউনিয়নে একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার ইয়াসিন আলী বলেন, রাতে মোশারফ কৃষ্ণনগর যুবলীগ কার্যালয়ে বসে কথা বলছিলেন। সে সময় মোটর সাইকেলে করে আসা ছয় যুবক তাকে গুলি করে, কুপিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মোশাররফকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মহসিন বলেন, হাসপাতালে নিয়ে আসার পথেই মোশাররফ হোসেনের মৃত্যু হয়। তার মাথার দুই জায়গায় গুলি গেলেছে। হাতেও ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।

সহকারী পুলিশ সুপার ইয়াসিন আলী বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।