২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতায় যেতে অন্য দল সিঁড়ি হবে না: এরশাদ

ক্ষমতায় যেতে জাতীয় পার্টি অন্য কোনো দলকে সিঁড়ি হিসেবে ব্যবহার করবে না বলে জানিয়েছেন দেলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2018, 09:49 PM

Updated : 08 Apr 2022, 06:57 PM

বুধবার সকালে নিজের কার্যালয়ে এক যৌথ সভায় তিনি এ কথা বলেন।

নির্বাচনকালীন প্রস্তুতির প্রাক্কালে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।

এরশাদ বলেন, “জাতীয় পার্টি অন্য কোনো দলকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে আর ব্যবহার করবে না। আগামী নির্বাচনের মাধ্যমে জাতীয় পার্টি নিজেরাই ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে কাজ করে যাবে। তার জন্য সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে।”

যৌথ সভায় এরশাদ তৃণমূল নেতাদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ারও নির্দেশনা দেন।

তিনি বলেন, “নির্বাচনে কোনো দল অংশগ্রহণ করুক বা না করুক সেদিকে জাতীয় পার্টি ফিরে তাকাবে না। তবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের নিশ্চয়তা থাকতে হবে। আমরা ৩০০ আসনেই প্রার্থী দেব।”

সভায় সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ, জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার উপস্থিত ছিলেন।

যেসব জেলা কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে সেখানে সেপ্টেম্বর মাসের মধ্যেই সম্মেলন সমাপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় কমিটি গঠন বাদেও ভোটকেন্দ্রভিত্তিক কমিটি গঠনের পরামর্শ দেন দলের শীর্ষ নেতারা।

আগামী ৮ সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বর্ধিত সভায় দলের কর্মসূচি সম্পর্কে অবহিত করা হবে বলে জানানো হয়।

সভায় পরিবেশমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, সাংসদ কাজী ফিরোজ রশীদ, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সাংসদ লিলি চৌধুরীসহ পার্টির প্রেসিডিয়াম সদস্যরা উপস্থিত ছিলেন।