২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমণ্ডির কার্যালয়ে হামলার ঘটনায় আওয়ামী লীগের দুই মামলা

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত শনিবার ধানমণ্ডিতে সভানেত্রীর কার্যালয়ে হামলার ঘটনায় দুইটি মামলা করেছে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2018, 10:41 PM

Updated : 19 Aug 2022, 02:26 PM

সোমবার সন্ধ্যায় ধানমন্ডি থানায় মামলা দু’টি দায়ের করেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

দুই মামলাতেই অজ্ঞাতদের আসামি করা হয়েছে।

বিপ্লব বড়ুয়া রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পার্টি অফিসে হামলার ঘটনায় আমি বাদী হয়ে মামলা দায়ের করেছি। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।”

গত শনিবার আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে গুজব ছড়ানোর পর ধানমণ্ডির জিগাতলায় সংঘতের ঘটনা ঘটে।

সেদিন শিক্ষার্থীরা দুপুর ২টার দিকে ধানমণ্ডি ৩/এ সড়কের আওয়ামী লীগের কার্যালয়ের দিকে এগিয়ে গেলে সংঘাতের সূত্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারী একজনকে আওয়ামী লীগের এক কর্মী ধরে নিয়েছে বলে গুজব ছড়ানোর পর শিক্ষার্থীরা আওয়ামী লীগ কার্যালয়ের দিকে এগিয়ে যায়।

সে সময় লাঠিসোঁটা হাতে আওয়ামী লীগ কর্মীদের ধাওয়ার মুখে শিক্ষার্থীরাও ঢিল ছুড়তে থাকে। এই সময় বিভিন্ন ফেইসবুক আইডি থেকে চার শিক্ষার্থী নিহত ও ধর্ষণের গুজব ছড়ানো হলে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

তারা তখন জিগাতলা ছাড়িয়ে ধানমণ্ডি তিন নম্বর সড়কের দিকে এগিয়ে গেলে হেলমেট পরা একদল যুবকের সঙ্গে তাদের সংঘাতে বাঁধে।

পরে বিকালে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল আওয়ামী লীগ সভানেত্রীর ওই কার্যালয় ঘুরে এসে জানান, গুজব শুনে বিভ্রান্ত হয়েছিলেন তারা।

পুরনো খবর:

গুজব থেকে উত্তেজনা, সংঘাত