মামলা এখন ‘কিছু না’ ফখরুলের কাছে
এই সরকারের আমলে অর্ধ শতাধিক মামলা নিয়ে চলা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন আরেকটি মামলার প্রতিক্রিয়ায় বলেছেন, এসবে এখন আর ‘সমস্যা’ মনে করছেন না তিনি।
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সোমবার জাতীয় প্রেস ক্লাবে ‘উদ্বিগ্ন নাগরিক সমাজ’ এর ব্যানারে এক সংহতি সমাবেশে বক্তব্যের সময় একথা বলেন তিনি।
ফখরুল বলেন, “আপনার শুনেছেন, আমার নামে আরেকটা নতুন মামলা হয়েছে। আমরা এখন মামলাকে খুব বেশি কিছু মনে করি না। আমার ৮৬টা পার হয়ে গেছে।
“আমাদের বেশিরভাগ নেতাদের মামলা ৪০/৫০টি, ১৫০ থেকে ২০০টি পর্যন্ত আছে। ওগুলো এখন আমাদের কাছে কোনো সমস্যা নয়।”
‘রাষ্ট্রের বিরুদ্ধে অন্তর্ঘাত ও ষড়যন্ত্রের’ অভিযোগ এনে ফখরুলসহ বিএনপির তিন নেতার বিরুদ্ধে সোমবার ঢাকার আদালতে মামলার আবেদন করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। তিনি এর আগে খালেদা জিয়ার বিরুদ্ধেও মামলা করেছেন।
ফখরুল বলেন, “সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য আমরা বহুবার কারাগারে গেছি। আমাদের ওপর প্রচুর নির্যাতন হয়েছে এবং এখনও হচ্ছে। পাঁচশর অধিক নেতা-কর্মী গুম হয়ে গেছে, হাজার হাজার নেতা-কর্মী নিহত হয়েছেন। ৭৮ হাজারের উপরে মামলা হয়েছে, ১৮ লক্ষ আসামি।”
বক্তব্যের পরপরই বিএনপি মহাসচিব নতুন মামলায় জামিন চাইতে প্রেস ক্লাব থেকে হাই কোর্টে চলে যান।
