ওই জরিপ ছিল তাদের পরিকল্পনার পূর্বাভাস: বিএনপি
তিন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ যেমন ফল চাইছিল, সেটাই সজীব ওয়াজেদ জয়ের তুলে ধরা জরিপে তার প্রকাশই ঘটেছিল বলে মন্তব্য এসেছে বিএনপির কাছ থেকে।
রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের ভোটের পরদিন মঙ্গলবার নির্বাচন নিয়ে বিএনপির প্রতিক্রিয়া জানিয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য আসে।
এই তিন সিটিতে ভোটের আগের দিন রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টারের (আরডিসি) করা একটি জরিপের ফলাফল নিজের ফেইসবুক পাতায় তুলে ধরেন জয়। তাতে বলা হয়েছিল, রাজশাহী ও বরিশালে আওয়ামী লীগ প্রার্থীরা অনায়াসে জিতবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে সিলেটে।
সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনে রাজশাহী ও বরিশালে নৌকার প্রার্থীরা সহজ জয়ই পেয়েছেন। তবে সিলেটে হারতে চলেছেন নৌকার প্রার্থী; যদিও সেখানে দুটি কেন্দ্রে পুনঃভোটের পর ফল ঘোষণা হবে।
নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই জরিপ সম্পর্কে সাংবাদিকরা মতামত চাইলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “উনি (সজীব ওয়াজেদ জয়) তো থাকেন আমেরিকায়। তার ধারণার মধ্যে বিদেশে যে ধরনের নির্বাচনের চিন্তা-ভাবনা করা হয়, প্রি পোল, পোস্ট পোল- এই ধরনের বিষয়গুলো থাকে। যে কারণে ওখান থেকে তার একটা নিজস্ব তৈরি করা যে একটা রিসার্চ সেন্টার, তার লোকজনকে দিয়ে তৈরি করেছেন। আমরা এটাকে গুরুত্ব দিইনি খেয়াল করেছেন নিশ্চয়ই।”
এরপর এ বিষয়ে কথা বলার জন্য পাশে থাকা দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে মাইক দেন।
নজরুল বলেন, “আমাদের কাছে মনে হয়েছে, এটা কোনো রিসার্চের রিপোর্ট না, এটা হল তাদের ইচ্ছার কথা প্রকাশ করা। রাজশাহী ও বরিশালে কী করবেন এবং তাতে কী দাঁড়াবে- এটা জয় সাহেব বলেছেন এবং উনি এটাও বুঝিয়েছেন যে, সিলেটে অতখানি করা সম্ভব হবে না। অতত্রব সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং তাই হয়েছে।
“এটা কোনো রিসার্চ না, এটা হল তাদের আকাঙ্ক্ষা, তাদের ইচ্ছা। তারা যেভাবে করতে চান, সেটা আগেই বলে দিয়েছেন এবং সেটা করেছেনও তারা। তাদের পরিকল্পনার পূর্বাভাস ছিল ওই রিপোর্ট।”
ফখরুল বলেন, “শেখ হাসিনার অবৈধ সরকার গণতন্ত্রকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে, জনগণের ভোটের অধিকার হরণ করেছে। লক্ষ্য একটাই- একদলীয় শাসনব্যবস্থা ভিন্নরূপে প্রতিষ্ঠা করে চিরদিন ক্ষমতায় থাকা।”
খালেদা জিয়ার মুক্তির পাশাপাশি বিএনপি নেতা-কর্মীদের সব মামলা প্রত্যাহার, নির্বাচনকালে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকার গঠন, নির্বাচন কমিশন পুনর্গঠন, ভোটের সময় সেনা মোতায়েনের দাবি জানান বিএনপি মহাসচিব।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, আবদুস সালাম, আবদুল হাই, মেহেদি আহমেদ রুমি, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, আবুল কালাম আজাদ সিদ্দিকী, মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ উপস্থিত ছিলেন।
