২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ নগরে সুষ্ঠু ভোটের পরিবেশ নেই: ইসিকে বিএনপি

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনে ভোটগ্রহণের আগের দিন ঢাকায় নির্বাচন কমিশনে গিয়ে অসন্তোষ জানিয়ে এসেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2018, 08:26 PM

Updated : 08 Apr 2022, 06:46 PM

তিন নগরে বিএনপির মেয়র প্রার্থীরা নানা অভিযোগ তোলার পর রোববার বিকালে নির্বাচন ভবনে গিয়ে সিইসি কে এম নূরুল হুদার সঙ্গে দেখা করেন দলটির কেন্দ্রীয় নেতারা।

বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন ও আইনবিষয়ক সম্পাদক কায়সার কামালের সঙ্গে সিইসির বৈঠকে নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী ও মাহবুব তালুকাদারও ছিলেন।

বৈঠক থেকে বেরিয়ে  খোকন সাংবাদিকদের বলেন, বর্তমানে তিন সিটিতে সুষ্ঠু ভোটের পরিবেশ নেই। ইসি সুষ্ঠু নির্বাচন চাইলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় এমন পরিস্থিতি বিরাজ করছে।

বর্তমান ইসিকে ‘সরকারের আজ্ঞাবহ’ বলে আসছেন বিএনপি নেতারা। তিন নগরীতে দলটির মেয়র প্রার্থীদের মূল অভিযোগ পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে।

তারা বলছেন, আদালতের নির্দেশ উপেক্ষা করে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার হয়রানি চালিয়ে যাচ্ছে। রিটার্নিং কর্মকর্তাদের জানিয়েও কোনো ফল পাওয়া যাচ্ছে না।

খোকন বলেন, “নির্বাচনকে সুষ্ঠু করতে সকল ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য কমিশনের কাছে দাবি জানিয়েছি।

“নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করে বলেছেন, সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমরা নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না। কারণ বর্তমানে যে পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ বিরাজ করছে না।”

ইসি ব্যবস্থা নিচ্ছে না বলেই পুলিশ সাহস পাচ্ছে বলে দাবি করেন ব্যারিস্টার খোকন।

তিনি বলেন, “আমরা নির্বাচন কমিশনকে বলেছি, সরকার ও পুলিশ বাহিনী আপনাদের কোনো কথাই শুনছে না। পুলিশ বিভিন্ন জায়গায় কোনো ওয়ারেন্ট ছাড়াই বিএনপির নেতা কর্মীদের গ্রেপ্তার করছে। তাই আমরা কমিশনকে বলছি, আমাদের নেতাকর্মী ও এজেন্টদের ওয়ারেন্ট ছাড়া যেন গ্রেপ্তার না করে।”