সিলেটের মতো হামলার ‘শঙ্কা’ বরিশাল আওয়ামী লীগের
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে বিএনপির ‘সন্ত্রাসীরা’ আগুন দিয়েছে অভিযোগ করে দলটি বরিশালেও একই কাণ্ড ঘটাতে পারে বলে শঙ্কার কথা জানিয়েছে নগর আওয়ামী লীগ।
শুক্রবার বরিশাল মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ শঙ্কার কথা জানান নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর।
তিনি বলেন, “বিএনপির সন্ত্রাসীরা সিলেটে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর নির্বাচনী অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমরা আশঙ্কা করছি- তারা বরিশালেও এ ধরনের ঘটনা ঘটাতে পারে।”
এ জন্য পুলিশ প্রশাসনকে সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন বলে জানান তিনি।
বৃহস্পতিবার বিএনপি প্রার্থী মজিবুর রহমান সরোয়ারের হয়ে বরিশালে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলন করে নগর আওয়ামী লীগ।
৩০ জুলাই নির্বাচনে বরিশাল সিটি করপোরেশনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও বিএনপি প্রার্থী মো. মজিবুর রহমান সরোয়ারসহ সাতজন মেয়র পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর বলেন, “গতকাল বরিশালে বিএনপি অফিসে সংবাদ সম্মেলনে তারা চরম মিথ্যাচার করেছে। এই মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
বিএনপির বিরুদ্ধে তিনি অভিযোগ করেন, “তাদের কর্মীরা নৌকার পোস্টার ছিঁড়েছে, প্রকাশ্য মিছিল করেছে, শো-ডাউন করেছে। উঠান বৈঠকের নামে প্রকাশ্যে জনসভা করেছে সরকারি অফিসের সামনে এবং জনগণের চলাচল বিঘ্ন করে রাস্তার পাশে নির্বাচনী অফিস করেছে।”
এ পর্যন্ত ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘণের নয়টি অভিযোগ করা হলেও নির্বাচন কমিশন বিএনপির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলে আওয়ামী লীগের এ নেতা অভিযোগ করেন।
বরিশাল নগরীর আশপাশের গ্রামগুলোতে বাইরে থেকে আওয়ামী লীগের ‘সন্ত্রাসীদের’ জড়ো করা হচ্ছে বলে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে অভিযোগ করেছিলেন মির্জা আব্বাস।
এর প্রতিক্রিয়ায় নগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাছ চৌধুরী দুলাল বলেন, “নির্বাচন আসলে নেতাকর্মীরা আসবে এটা স্বাভাবিক। দেশের তিনটি সিটি করপোরেশনে নির্বাচন হচ্ছে, এতে করে নেতাকর্মীদের মধ্যে উৎফুল্লভাব বিরাজ করছে। এটা অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক, তারা আগামীকাল রাত ১২টার পরে সেখানে অবস্থান করে কিনা তখন সেটা অস্বাভাবিক।”
নির্বাচন উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, “সন্ত্রাসী কর্মকাণ্ড করার কারণে বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আগেই অনেক মামলা হয়েছে, এসব মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। তারা দীর্ঘদিন ধরে পলাতক, তারা আদালতে হাজির হচ্ছেন না। সুতারাং তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় তা চলমান আইনগত প্রক্রিয়ায় হচ্ছে।”
আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক বলরাম পোদ্দার বলেন, “গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি চরম মিথ্যাচার করেছেন।”
তিনি বলেন, “বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ আছে, এই পরিবেশকে নষ্ট করার জন্য বিএনপির পক্ষ থেকে নতুন করে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা চাই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হোক।”
আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক আফজাল হোসেন বলেন, “শুধু স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচনেও আইনশৃঙ্খলা বাহিনী চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্রধারীদের গ্রপ্তার করে, এটা তাদের রুটিন ওয়ার্ক। শুধু বিএনপির ক্ষেত্রে না, এই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্রধারী, যারা নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে পারে, শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করতে পারে, তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী ধরে।”
এসব গ্রেপ্তারের বিষয়ে সরকারি দলের কোনো নির্দেশনা নেই বলে দাবি করেন তিনি।
