বুলবুলের ভয়, আগেই লুকিয়ে রাখা হবে সিল মারা ব্যালট
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ৯০ শতাংশ প্রিজাইডিং ও পোলিং অফিসার ‘আওয়ামী ঘরানার’ লোক থেকে বাছাই করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল।
তাদের মাধ্যমে ভোটের আগের রাতে নৌকায় সিলমারা ব্যালট ভোটকেন্দ্রে লুকিয়ে রাখা হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
শুক্রবার ছুটির দিনের সকালে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকায় গণসংযোগে গিয়ে ধানের শীষের প্রার্থী সাংবাদিকদের বলেন, “সন্ত্রাসী কর্মকাণ্ড তারা (ক্ষমতাসীনরা) করবেই। তারা চেষ্টা করছে… ভোটের আগের দিন প্রিজাইডিং অফিসারদের দিয়ে ভোট কেটে বিভিন্ন জায়গায় সেটা লুকিয়ে রাখা হবে (স্কুলের) হেডমাস্টারের রুমে বা এসিসট্যান্ট হেডমাস্টারের রুমে।”
এ কারণে ভোটকেন্দ্রের ওইসব জায়গায় ‘সার্চলাইট’ বসানোর দাবি জানান বিএনপি নেতা বুলবুল।
তিনি বলেন, “এখানে এইচটি ইমাম নামে এক ভদ্রলোক আছেন, বর্তমান সরকারের মাননীয় উপদেষ্টা, তিনি বেছে বেছে... ৯০ পার্সেন্ট আওয়ামী লীগ ঘরানার লোকদের পোলিং অফিসার ও প্রিজাইডিং অফিসার রাখা হয়েছে। আমরা আজকে দুপুরের মধ্যে এর গেজেট চাই।”
‘নিরপেক্ষ লোকদের’ প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার করার দাবি জানানোর পাশাপাশি শুক্রবার থেকেই নির্বাচনী এলাকায় সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী।
বরিশাল ও সিলেটের সঙ্গে রাজশাহী সিটি করপোরেশনেও ৩০ জুলাই ভোট হবে। মেয়র পদে ধানের শীষ প্রতীকে বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুলের প্রধান প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন।
সকালে নগরীর ৮ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর এলাকার কাঁচাবাজার থেকে দিনের প্রচার শুরু করেন বিএনপি প্রার্থী। মানুষের হাতে হাতে লিফলেট বিতরণ করে ধানের শীষের পক্ষে তিনি সমর্থন চান।
প্রচারের শুরু থেকেই আওয়ামী লীগ ‘সন্ত্রাস’ চালিয়ে যাচ্ছে অভিযোগ করে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি বুলবুল বলেন, “আওয়ামী লীগের পোস্টার সন্ত্রাস থেকে আরম্ভ করে এখন পর্যন্ত, যে সন্ত্রাসগুলি করেছে, সমস্ত কিছু আমরা আপনাদের মাধ্যমে বলেছি জনগণের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে আমরা লিখিত অভিযোগ দিয়েছি।”
কিন্তু নির্বাচন কমিশনের কাছ থেকে কোনো প্রতিকার পাননি অভিযোগ করে বুলবুল বলেন, “নির্বাচন কমিশন এখন গৃহপালিত পশুর মতো, জন্তুর মতো আচরণ করছে। এখানে সরকারের যে ভূমিকা বা নির্বাচন কমিশনের যে ভূমিকা রাখা উচিত ছিল, অন্যান্য দেশে যেটা হয়, সে ভূমিকা এখানে নাই।”
রাজশাহীর ভোটাররা যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে, তা নিশ্চিত করতে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য শুক্রবার থেকে সেনা মোতায়েনের দাবি আবারও তুলে ধরেন বিএনপির প্রার্থী।
তিনি বলেন, “প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, সেনাবাহিনী নিয়োগ করে রাজশাহীতে নিরপেক্ষ ভোটের অবস্থা সৃষ্টি করা হোক। আগামী জাতীয় নির্বাচনে এটা জনগণের কাছে উপযুক্ত প্রমাণ হয়ে থাকবে।”
নির্বাচনের দিন আওয়ামী লীগ কোনো সন্ত্রাস করলে ‘জনগণকে নিয়ে রুখে দেওয়ার চেষ্টা’ করবেন বলেও মন্তব্য করেন বিএনপির প্রার্থী।
তিনি বলেন, “রাজশাহীর ৭০ থেকে ৮০ শতাংশ মানুষ চায় শান্তি। আমরা দেখতে পাচ্ছি, রাজশাহীর মানুষ চায় ধানের শীষ। রাজশাহীর মানুষ চায় দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি।”
