বরিশালে নির্বাচনের স্বাভাবিক অবস্থা নেই: মির্জা আব্বাস
বরিশাল সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীনরা নগরীতে ‘ত্রাসের রাজত্ব’ কায়েম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
তিনি বলেছেন, “এই বরিশাল শহরে কোনো একটা আসুরিক শক্তি বিরাজ করছে বলে আমার মনে হচ্ছে। নির্বাচনের স্বাভাবিক অবস্থা এখানে নেই। আমরা চাই প্রতিযোগিতামূলক নির্বাচন, কিন্তু এখানে আওয়ামী সম্প্রদায় অন্য কারও ক্ষতি হল কি না- সেটা নিয়ে তারা ভাবে না। তারা প্রভাব বিস্তার করে যাচ্ছে।”
বৃহস্পতিবার বরিশাল নগর বিএনপি কার্যালয়ে ‘ধানের শীষের সমর্থনে’ এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
তিনি বলেন, ক্ষমতাসীনরা ‘দমন-পীড়ন’ চালালেও বিএনপি নেতাকর্মীরা শেষ পর্যন্ত ‘মাটি কামড়ে’ নির্বাচনের মাঠে থাকবে।
মির্জা আব্বাস দাবি করেন, বুধবার রাতে বরিশালে বিএনপির ১৫ নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করছে। তার আগের দিন চারজন এবং বৃহস্পতিবার আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
“আমরা সিইসির কাছে প্রত্যাশা করেছিলাম লেভেল প্লেইং ফিল্ড হবে, মনে করেছিলাম বরিশাল গাজীপুরের মত হবে না। নির্বাচন কমিশনও তা বলেছিল, কিন্তু উনাদের কথা ঠিক না।”
আগামী ৩০ জুলাই রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের সঙ্গে বরিশাল সিটি করপোরেশনেও নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপির ধানের শীষের প্রার্থী মো. মজিবুর রহমান সরওয়ারের পক্ষে প্রচার চালাতে বরিশালে আসেন মির্জা আব্বাস।
সিইসি এখন কোনো অভিযোগ নিতে চান না মন্তব্য করে তিনি বলেন, “নির্বাচনী প্রচারের জন্য মাইক লাগানোও নিষেধ। কিন্তু আমার চোখের সামনে নিয়ে ঠেলা গাড়ি করে নৌকা নিয়ে প্রচার চালানো হচ্ছে। নৌকার গেইট, আলোকসজ্জা করা হয়েছে, অথচ এসব নিষেধ।”
নির্বাচনের দিন ‘বিশৃঙ্খলা’ সৃষ্টির জন্য আওয়ামী লীগ বরিশাল শহরের আশেপাশের বিভিন্ন গ্রামে লোক জড়ো করেছে বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস।
“এই লোকগুলোর কাজ হবে তারা ইলেকশনের দিন হয়ত নৌকা বা ধানের শীষের ব্যাজ লাগিয়ে নৌকার পক্ষে কাজ করবে। বরিশালের লোকদের, যারা আমাদের কর্মী, তাদেরকে পুলিশ দৌঁড়াচ্ছে। আমি আশা করব ২৪ ঘণ্টার মধ্যে বরিশালের আশেপাশের লোকদের পুলিশ গ্রেপ্তার করুক বা অবিলম্বে তাদের বের করে দেওয়া হোক। তা না করা হলে নির্বাচনে বিশৃঙ্খলার সম্ভবনা রয়েছে।”
তিনি হুঁশিয়ারি দেন- বিএনপি কর্মীদের ওপর ‘এভাবে অত্যাচার করা হলে’ এটা কখনই ‘চ্যালেঞ্জবিহীন’ যাবে না।
“বরিশালে আওয়ামী লীগের অস্ত্রধারী ক্যাডারদের মহড়া চলছে, যারা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর বাসায় রয়েছে। পুলিশ বিএনপির কাউন্সিলর প্রার্থীদের জেলে ভরে দিয়েছে এবং তাদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। তারা বাড়িতে থাকতে পারছে না।”
মির্জা আব্বাস বলেন , তাদের দলের সমর্থনে যারা প্রার্থী হয়েছেন, তাদের ভোটের মাঠ থেকে সরাতে প্রথমে ‘টাকা-পয়সার লোভ’ দেখানো হয়েছে। তাতে কাজ না হওয়ায় ‘জোর জবরদস্তি’ এবং তারপর ‘পুলিশি হয়রানি’ চালানো হচ্ছে।
“তাদের ব্যবসায়িক জায়গায় হাত দেওয়া হয়েছে। এ সমস্ত কারণে আমাদের অনেক প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে।”
অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বরিশাল সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী মো. মজিবুর রহমান সরোয়ারসহ নগর বিএনপির নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলন।
