কাদেরের সঙ্গে রাজনৈতিক আলোচনা হয়নি: সিপিবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাতে রাজনৈতিক বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির নেতারা।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা বলেছেন তিনি।
পূর্বনির্ধারিত কোনো সূচি ও আলোচনা ছাড়াই মঙ্গলবার সকালে নয়া পল্টনের মুক্তি ভবনে সিপিবি কার্যালয়ে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঘণ্টাখানেক দলটির নেতাদের সঙ্গে আলোচনা ও কুশল বিনিময় করেন তিনি। এ সময় সিপিবি সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা হয় তার।
বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেছিলেন, সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন তিনি। সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সে সময় এ বিষয়ে কথা বলতে চাননি।
তবে দলটির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “আমি এখন ঢাকার বাইরে আছি। আমাদের নেতারা বিকল্প জোটের কথা উনাকে (কাদের) জানিয়েছেন। বলেছেন, দুই জোটের বাইরে আমরা বিকল্প শক্তি গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি।”
এরপরেও বিভিন্ন সংবাদমাধ্যমে এ বিষয়ে ‘মনগড়া’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেছেন সিপিবি নেতারা।
বিবৃতিতে তারা বলেছেন, ‘চা খাওয়ার কথা বলে’ সিপিবি কার্যালয়ে এসেছিলেন ওবায়দুল কাদের।
“জনাব ওবায়দুল কাদেরের সাথে সিপিবি নেতৃবৃন্দের আলোচনা ছিল সৌজন্যমূলক। সেখানে বর্তমান রাজনৈতিক কোন ইস্যু নিয়ে আলোচনা হয়নি।”
গত সপ্তাহেই সিপিবি, বাসদ ও গণসংহতিসহ আটটি রাজনৈতিক দল নিয়ে ‘বাম গণতান্ত্রিক জোট’ গঠিত হয়েছে।
নির্বাচনের বছরে নতুন এই রাজনৈতিক জোট গঠনের পর সপ্তাহ না হতেই ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের হঠাৎ করে সিপিবি কার্যালয়ে যাওয়াটা অনেকের মধ্যেই কৌতূহলের সৃষ্টি করে।
সিপিবির বিবৃতিতে বলা হয়েছে, “সিপিবি গৃহীত নীতি অনুযায়ী মহাজোট সরকারের দুঃশাসনের বিরুদ্ধে লড়াইয়ে এবং আওয়ামী লীগ ও বিএনপিকেন্দ্রিক দ্বি-দলীয় মেরুকরণের বাইরে বাম গণতান্ত্রিক শক্তি গড়ে তোলার সংগ্রামে অবিচল থাকবে।”
