মাহমুদুর শফিক আসিফরাই আছেন, বাকি সবাই বিক্রি: মওদুদ
মাহমুদুর রহমানের ওপর হামলার নিন্দা জানিয়ে বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদকের সঙ্গে আরেক সম্পাদক শফিক রেহমান ও অধ্যাপক আসিফ নজরুলদের মতো কয়েকজন ‘বুদ্ধিজীবীই’ এখন সরব আছেন, বাকি সবাই ‘বিক্রি’ হয়ে গেছেন।
বাংলাদেশের নাগরিক সমাজ ‘বিক্রি হয়ে গেছে’ বলে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার মন্তব্য করার তিন দিনের মাথায় একথা বললেন তিনি।
আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর মানহানির একটি মামলায় জামিন নিতে রোববার কুষ্টিয়া গেলে সেখানে আদালত চত্বরে তার উপর হামলা হয়। এই হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন তার সঙ্গীরা।
বুধবার বিকালে ঢাকায় এক আলোচনা সভায় ওই হামলার নিন্দা জানিয়ে মওদুদ আহমদ বলেন, “পরিকল্পিতভাবে তার (মাহমুদুর) ওপর এই হামলা চালানো হয়েছে। তিনি সাহসী মানুষ, তিনি লেখক, সরকারের সমালোচনা করে- এটাই তার অপরাধ। এই সরকার কাউকে তারা বরদাশত করতে পারে না। মাহমুদুর রহমানের ওপর এই আক্রমণ বাক স্বাধীনতার ওপর আক্রমন, সংবাদপত্রের ওপর আক্রমন।
“শফিক রেহমান, আসিফ নজরুলসহ আরও কয়েকজনের নাম আজকে এখানে উল্লেখ করা হয়েছে। এরাই তো কয়েকজন আছেন। বাকিরা তো সব শেষে হয়ে গেছেন। বুদ্ধিজীবী যারা আগে দাবি করতেন, তারা শেষ হয়ে গেছেন। তারা বুদ্ধিজীবিতা বিক্রি করে দিয়েছেন, তারা এখন সেবাদাসে পরিণত হয়েছেন।”
শহবাগে গণজাগরণ আন্দোলনের সময় সাম্প্রদায়িক উসকানি দেওয়ার অভিযোগ ওঠে আমার দেশের বিরুদ্ধে। আদালত অবমাননার জন্য শাস্তিও পেতে হয়েছে মাহমুদুরকে। বিভিন্ন বিতর্কিত বক্তব্যের জন্য তার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে দেশের বিভিন্ন স্থানে।
অন্যদের মধ্যে দৈনিক যায়যায়দিনের সাবেক সম্পাদক শফিক রেহমান যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন দুই বছর আগে। গত বছর জামিনে কারামুক্ত হয়ে লন্ডন যান তিনি, এখনও সেখানেই আছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক আসিফ নজরুল বিভিন্ন বিষয় নিয়ে সরকারের সমালোচনা করে থাকেন। এই অধ্যাপকের বিরুদ্ধে বিভিন্ন সময় সরব হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা।
এদের বাইরে অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অধিকারকর্মী সুলতানা কামাল, খুশি কবিরসহ অনেকেই সংখ্যালঘু নির্যাতনসহ বিভিন্ন বিষয়ে প্রতিবাদ-প্রতিক্রিয়া জানিয়ে থাকেন। এদের কারও নাম উল্লেখ করেননি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ চক্রান্তের অভিযোগে ২০১৬ সালের এপ্রিলে গ্রেপ্তার হওয়ার প্রায় পাঁচ মাস পর জামিনে মুক্তি পান শফিক রেহমান। গত বছর ফেব্রুয়ারিতে লন্ডন যাওয়ার পর আর ফেরেননি তিনি।
“আপনি যদি ক্ষমতায় থাকেন, অর্থাৎ ক্ষমতাসীনদের সাথে থাকলে, তাদের সাথে সুর মেলালে, তাদের দলে থাকলে আপনি সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। আর যদি আপনি তা না করেন, তাহলে আপনার যা প্রাপ্য, ন্যায্য অধিকার, তা থেকেও বঞ্চিত হবেন।”
একই সুরে মওদুদ বলেন, “দেশে এখন দুই ধরনের নাগরিক আছে। আমরা যারা বিরোধী দল করি তারা দ্বিতীয় শ্রেণির নাগরিক। কারণ আইন আমাদের প্রতি সমানভাবে প্রয়োগ করা হয় না। আমি সমান অধিকার থেকে আজ বঞ্চিত। আর সরকারি দল যারা করেন তারা হচ্ছেন প্রথম শ্রেণির নাগরিক।
“যারা ভিন্নমত পোষণ করে তাদের মামলা দিয়ে দমন করছে সরকার। মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছে, তিনি আইনে বিশ্বাস করেন। জামিন নিয়েছেন। তাকে হামলা করা হয়েছে।”
সুজনের এক গোলটেবিল বৈঠকে অধ্যাপক আসিফ নজরুল, বিভিন্ন বিষয়ে সরকারের সমালোচনায় সরব তিনি।
তিনি বলেন, “হঠাৎ করে আবিষ্কার হল যে কয়লা চুরি হয়ে গেছে, কয়লা উধাও হয়ে গেছে, আকাশে মিশে গেছে। এর চাইতে বড় কেলেঙ্কারি আর কিছু হতে পারে না।
“আজকে দেশে যদি সত্যিকারের জবাবদিহিমূলক সরকার থাকত তাহলে প্রত্যেকটা ইস্যুতে তারা পদত্যাগ করতে বাধ্য হত। এই কয়লা ইস্যুতে সরকার পদত্যাগ করত অন্য কোনো দেশ হলে। অন্য কোনো গণতান্ত্রিক সভ্য দেশ হলে একদিনের জন্য আর টিকে থাকতে পারত না। তারা নিজেরাই পদত্যাগ করে চলে যেত।”
বাংলাদেশে তা না হওয়ার জন্য সরকারকে ‘নির্লজ্জ ও জবাবদিহিহীন’ আখ্যায়িত করেন তিনি।
“কারণ তাদের সেই বিবেক বোধ, তাদের সেই মূল্যবোধ, তাদের সেই মনের গিলটি ফিলিং- আমরা যে অপরাধ করেছি এই বোধ তাদের মধ্যে নাই।”
দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির প্রায় সোয়া লাখ টন কয়লা উধাও হয়েছে বলে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে ধরা পড়েছে। এ ঘটনায় ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১ লাখ ১৬ হাজার টন কয়লা খোলা বাজারে বিক্রি করে আনুমানিক ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হাবীব উদ্দিন আহমদ ও অন্যদের বিরুদ্ধে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে ‘নির্দলীয়’ সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবি জানান মওদুদ। নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিও পুনর্ব্যক্ত করেন তিনি।
খালেদা জিয়ার মুক্তি দাবি এবং মাহমুদুর রহমানের ওপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স কক্ষে এই আলোচনা সভার আয়োজন করে ‘চেতনায় বাংলাদেশ’ নামের একটি সংগঠন।
সংগঠনের সভাপতি শামীমা রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজীর পরিচালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আজিম, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, মুক্তিযোদ্ধা দলের আবুল হোসেন, তাঁতী দলের আবুল কালাম আজাদ, কৃষক দলের শাহজাহান মিয়া সম্রাট, জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।
