২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার ‘বিব্রত’ হয় এমন কিছু করবেন না: ডিসিদের কাদের

জাতীয় নির্বাচনের বছর সরকারকে ‘বিব্রত’ হতে হয় এমন কোনো কাজ না করতে জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2018, 07:39 PM

Updated : 19 Aug 2022, 02:22 PM

ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে তিনি এই তথ্য জানান।

মন্ত্রীদের পাশাপাশি ভিআইপিদের প্রটোকল কমিয়ে বেশি বেশি কাজ করতেও ডিসিদের প্রতি পরামর্শ রেখেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে ডিসিরা রাজনৈতিক চাপের কথা বলেছেন কি না- সেই প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, “এ ধরনের কোনো কথা ডিসি সাহেবরা বলেননি। আমাদের (মন্ত্রণালয়ভিত্তিক) এরিয়ার বাইরে তারা কোনো প্রশ্ন করতে যাননি।

“তবে রুলিং পার্টির সাধারণ সম্পাদক হিসেবে আমি তাদের বলেছি, এমন কিছু করবেন না যাতে সরকার বিব্রত হয়। আর কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না, এই কথাটা আমি স্পষ্ট বলেছি।”

তিনি বলেন, “এটাও বলেছি, আপনারা মন্ত্রী-ভিআইপিদের এত প্রটোকল দিতে গেলে কাজ করবেন কখন? সারা দিন যদি ডিসি-এসপি মন্ত্রীর পেছনে ঘোরে তাহলে সে কাজ করবে কখন?

“আমরা দুই মন্ত্রী (তিনি ও রেলমন্ত্রী মুজিবুল হক) বলেছি, আমাদের প্রটোকলের দরকার নেই, প্রটোকল কমানো উচিত। ওরা কাজ করবে কীভাবে? আর সরকারের শেষ বছর, এখন অনেক কাজ ডিসি-এসপিদের।”

জাতীয় নির্বাচন সামনে রেখে ডিসিদের কোনো নির্দেশনা দিয়েছেন কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, “এখানে একটা বিষয় পরিষ্কার। নির্বাচনের শিডিউল ডিক্লেয়ারের জন্য তিন মাসের মতো সময় আছে। কাজেই এ সময়ে তাদের প্রতি সরকারের যে জেনারেল মেসেজ সেটা প্রধানমন্ত্রী অলরেডি দিয়েছেন, এর সঙ্গে আমরা সবাই একমত। সরকার প্রধানের মেসেজটাই আমাদের মেসেজ।”

ওবায়দুল কাদের বলেন, “আমার প্রায়োরিটি হচ্ছে এই সময়ে নতুন বড় বড় স্বপ্ন দেখে কোনো লাভ নেই। যে স্বপ্ন এখন নির্মাণ হচ্ছে- যেমন পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল; এই নির্মাণ কাজগুলো যত দূর সম্ভব অক্টোবরে নির্বাচনের শিডিউল ঘোষণা পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া, কাজগুলোকে ত্বরাণ্বিত করা। আর ইমিডিয়েট যেটা রাস্তাগুলোকে পাস্যাবল করা, ইউজ্যাবল করা, সচল করে রাখা।

“আমার পক্ষে এই সময়ে নতুন রাস্তা করা সম্ভব নয়, কাজেই আমি এই স্বপ্নটা দেখাব না।”

কোরবানির ঈদের আগে ভারি বৃষ্টি, ভারি ও পশুবাহী পরিবহন চলাচল, পশুর হাট, উল্টোপথে যাতায়াত, ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে ডিসিদের নির্দেশনা দিয়েছেন বলে জানান সড়ক পরিবহনমন্ত্রী।

তিনি বলেন, রমজানের ঈদের সময়ও তারা (ডিসি) দায়িত্ব পালন করেছেন।

“এজন্য আমরা স্বস্তিদায়ক ঘরমুখী ঈদযাত্রা দিতে পেরেছি। এবারও যাতে মানুষ স্বস্তিতে বাড়ি যেতে পারে, স্বস্তিতে কর্মস্থলে ফিরতে পারে যানজটের কারণগুলো দূরীকরণে তাদের চেষ্টা অব্যাহত রাখতে বলেছি।

“মনিটরিংটা যাতে ঈদের পরও রাখা হয়, ঈদের পর অ্যাকসিডেন্টে মৃত্যুর হার অনেক বেশি। সেজন্য ঈদের পর আমরা ঢাকা থেকেও মনিটরিং রাখব। জেলা প্রশাসকদের বলেছি, তারা মনিটরিংটা যাতে অব্যাহত রাখেন, দুর্ঘটনা যাতে কমিয়ে আনা যায়।”