২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তির পর ‘কারাফটক থেকে ফের গ্রেপ্তার’ ছাত্রদল সভাপতি

জামিনে মুক্ত হওয়ার পর ছাত্রদল সভাপতি রাজীব আহসানকে কারাফটক থেকে ফের গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2018, 09:52 PM

Updated : 19 Aug 2022, 02:11 PM

দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৮টি মামলায় গত ৩১ মে হাই কোর্ট থেকে জামিন পাওয়া রাজীবকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

“রাজীব আহসান রাতে যখন জেলগেইট দিয়ে বেরুচ্ছিলেন তখন সাদা পোশাকের পুলিশ ফের তাকে গ্রেপ্তার করে । তার এই গ্রেপ্তার সরকারের গভীর ষড়যন্ত্রের অংশ বলে আমরা মনে করি।

“আমরা এহেন গ্রেপ্তারের নিন্দা জানাচ্ছি। অবিলম্বে তার মুক্তি দাবি করছি।”

রাজীবকে ‘ফের গ্রেপ্তারের’ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ নিচ্ছি।”

গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ড হওয়ার পর নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ থেকে রাজীবকে গ্রেপ্তার করে পুলিশ।

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এক বিবৃতিতে রাজীব আহসানকে ‘ফের গ্রেপ্তারের’ নিন্দা জানিয়ে তার মুক্তি দাবি করেছেন।

পুরনো খবর:

পল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ছাত্রদল সভাপতি আটক