২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ছাত্রদল সভাপতি আটক

খালেদা জিয়ার কারাদণ্ডের প্রতিবাদে নয়া পল্টনে মিছিল বের করা ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

ও চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2018, 04:33 PM

Updated : 19 Aug 2022, 01:34 PM

বৃহস্পতিবার বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সংঘর্ষের পর ছাত্রদল সভাপতি রাজীব আহসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

দুপুরে জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ কারাদণ্ডের রায় দেয় আদালত। ওই রায় ঘোষণার পর বকশীবাজারে আদালত এলাকা থেকেই বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে পুলিশ আটক করে বলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীর জানিয়েছেন।

তার কিছুক্ষণ আগে চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের মধ্যে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদৎ হোসেনসহ ১০ নেতাকর্মীকে আটক করা হয়।

Image
শামসুর রহমান শিমুল বিশ্বাস

শামসুর রহমান শিমুল বিশ্বাস

শাহাদতসহ বিএনপি নেতাকর্মীদের আটকের বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে বিএনপি নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে ছিল। রায় হওয়ার আগে আগে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

“ইটপাটকেলে আমাদের আট-দশজন আহত হয়েছে। এরপর তাদের কয়েকজনকে আটক করা হয়েছে।”

নয়া পল্টন থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ জানান, রাজীব আহসানের নেতৃত্বে ছাত্রদলের একদল নেতাকর্মী বিকাল পৌনে ৫টার দিকে রায়ের প্রতিবাদে মিছিল বের করেন।

তখন পুলিশ ধাওয়া দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। কয়েকজন নেতাকর্মীকে লাঠিপেটা করে পুলিশ। ছাত্রদলকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

পরে ঘটনাস্থল থেকে রাজীবসহ তিনজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।

পুরনো খবর:

চট্টগ্রামে পুলিশ-বিএনপি নেতাকর্মী সংঘর্ষ