সময় এলে উপযুক্ত কর্মসূচিতে খালেদাকে মুক্ত করা হবে: মওদুদ
শান্তিপূর্ণ ও নমনীয় কর্মসূচিতে খালেদা জিয়ার মুক্তি মিলবে না মন্তব্য করে বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, ‘সময় এলে’ উপযুক্ত কর্মসূচি দিয়ে নেত্রীকে কারামুক্ত করবেন তারা।
শনিবার এক ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, ধীরে ধীরে এখন তাদের ‘কঠোর’ কর্মসূচির দিকে এগিয়ে যেতে হবে, আন্দোলনকে নিতে ‘চূড়ান্ত পর্যায়ে’।
তবে তার জন্য অপেক্ষায় থাকতে হবে মন্তব্য করে মওদুদ বলেন, “সব কিছুর একটা সময় আছে, সেই সময়ের অপেক্ষা করতে হবে। সেই সময় আসলে অবশ্যই উপযুক্ত কঠোর কর্মসূচি দিয়ে আমরা আমাদের দাবি আদায় করব।”
এখন তিনটি বিষয় সামনে নিয়ে বিএনপি এগোবে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, “প্রথম বেগম খালেদা জিয়ার মুক্তি, দ্বিতীয়টি হল আমাদের পরিসর বাড়াতে হবে, জনগণকে ঐক্যবদ্ধ করে ঐক্য সৃষ্টি করতে হবে। তৃতীয়টি হল ২০ দলের বাইরে যেসব ব্যক্তি, সংগঠন, গণতান্ত্রিক শক্তি ও দল রয়েছে তাদের ঐক্যবদ্ধ করে এই আন্দোলনকে জোরদার করতে হবে।
“তখনই সরকার বাধ্য হবে সমঝোতায় আসতে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে, তারা বাধ্য হবে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু পরিবেশে করতে।”
সাবেক এই আইনমন্ত্রীর মতে, নিম্ন আদালত সরকারের ‘অধীনে’ বলেই খালেদা জিয়ার মুক্তি বিলম্বিত হচ্ছে।
তিনি বলেন, “সরকার নানা কৌশলে দেশনেত্রীর মুক্তি বিলম্বিত করছে এবং করতে চাইছে। কারণ নিম্ন আদালত এখন সরকারের নিয়ন্ত্রণে। নিম্ন আদালতের বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন না।
“সরকার যা বলবে সরকারের প্রভাবে, রাজনৈতিক প্রভাবে সেভাবে তাদের কাজ করতে হবে। নিম্ন আদালতের সব কিছু নির্ভর করবে নির্বাহী বিভাগের উপর, সুপ্রিম কোর্টের উপরে নয়। আমরা চেষ্টা করছি, চেষ্টা করব আইনি প্রক্রিয়ার মধ্যে যতটুকু সম্ভব তাকে
কারাগার থেকে বের করে নিয়ে আসতে। কিন্তু নিম্ন আদালত স্বাধীন নয়।”
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদের সংগঠন ‘রুনেসা’ এই ইফতারের আয়োজন করে।
অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ ছাত্র দলের সাবেক নেতারা বক্তব্য রাখেন।
