মৃত্যুবার্ষিকীতে জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন
কেন্দ্রীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলনের পর কবরে ফুল দিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্মরণ করেছে বিএনপি।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর মধ্যে এক ব্যর্থ অভ্যুত্থানে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
দিনটিকে জিয়ার ‘শাহাদাৎ দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি।
দলের বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে থাকায় কেন্দ্রীয় নেতারাই বুধবার সকাল সাড়ে ১০টায় ঢাকার শেরে বাংলা নগরে জিয়ার সমাধিতে ফুল দেন। পরে তারা মোনাজাতও করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও এই কর্মসূচিতে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, দেওয়ান মো. সালাউদ্দিন, মীর সরফত আলী সপু, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান, মুন্সি বজলুল বাসিত আনজু, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, আনোয়ার হোসাইন, ইশতিয়াক আজিজ উলফাত, সাদেক আহমেদ খান, তকদীর হোসেন মো. জসিম, হাফেজ আবদুল মালেক, শাহ নেসারুল হক প্রমুখ।
ফুল দেওয়ার পর ফখরুল সরকারের দমন-পীড়নের সমালোচনা করে বলেন, “সারাদেশটাকে তারা কারাগারে পরিণত করেছে। দেশনেত্রীকে সম্পূর্ণ অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রাখা হয়েছে।
“আজকের দিনে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করে শপথ নিয়েছি যে, আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনব এবং দেশনেত্রীকে মুক্ত করব।”
বিএনপি ছাড়াও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাঁতীদল, মৎস্যজীবী দল, ড্যাব, এ্যাব, সম্মিলিত পেশাজীবী পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জিয়ার কবরে ফুল দেওয়া হয়।
অন্যান্য কর্মসূচি
সকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প খোলা হয়। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ওষুধও বিতরণ করা হয়।
জিয়ার কবরে ফুল দেওয়ার পর বিএনপি মহাসচিব শেরে বাংলানগরে টিএন্ডটি মাঠে স্থানীয় বিএনপি আয়োজনে দুস্থদের মধ্যে বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ করেন।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রয়েছে। তোলা হয়েছে কালোপতাকা। নেতা-কর্মীরা পরছেন কালো ব্যাজ।
দিনটি উপলক্ষে কেন্দ্রীয়ভাবে বিএনপিসহ সহযোগী সংগঠনগুলো পোস্টার বের করেছে। বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে বিশেষ ক্রোড়পত্র।
